চিকিৎসকের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত দায়িত্বপালন করতে যাওয়া সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দৈনিক আমাদের অর্থনীতির স্টাফ রিপোর্টার রিকু আমির চিকিৎসক পীযূষ কান্তি মিত্রের বিরুদ্ধে হাসপাতাল পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন। আজ শনিবার রিকু আমির লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে রিকু আমির উল্লেখ করেন, গত বৃহস্পতিবার তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে যান। এ সময় তাঁর সঙ্গে এক সহকর্মীও ছিলেন। ওই ওয়ার্ডের এক পাশে দাঁড়িয়ে তাঁর পূর্বপরিচিত জ্যেষ্ঠ সেবক আসাদুজ্জামান জুয়েলের সঙ্গে কথা বলছিলেন। এসময় সেখানে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক পীযূষ কান্তি প্রবেশ করেন। একপর্যায়ে তিনি চড়া গলায় তাঁকে (রিকু আমির) দেখিয়ে আসাদুজ্জামানকে বলেন ‘এই মাদকাসক্ত ব্যক্তিকে কেন এখানে এনেছো। তুমি তো মানুষ চিনতে ভুল করেছ। সে ইনজেক্টিং ড্রাগ গ্রহণ করে। তাঁকে এই ওয়ার্ড থেকে বের করে দাও। সে কিসের সাংবাদিক, এখানে সাংবাদিক ডিজএলাউড।’
আসাদুজ্জামান এমন আচরণের কারণ জানতে চাইলে চিকিৎসক পীযূষ চড়া মেজাজে এক আনসার সদস্যকে ডেকে এনে বলেন, ‘এই মাদকাসক্তকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও।’ এরপর তিনি (রিকু আমির) তাঁর সহকর্মীকে নিয়ে কোনো কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে যান।
লিখিত অভিযোগে সাংবাদিক রিকু আমির চিকিৎসক পীযূষের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও তাঁকে মাদকাসক্ত বলার কারণ অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের পরিচালকের কাছে আবেদন করেছেন।
যোগাযোগ করা হলে চিকিৎসক পীযূষ প্রথম আলোকে বলেন, ‘আমি দুর্ব্যবহার করিনি। তবে ওই সাংবাদিক মাদকাসক্ত হওয়ায় একজন আনসার ডেকে তাঁকে বের করে দিয়েছি।’
এ ব্যাপারে হাসপাতালের পরিচালকের মুঠোফোন নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।