চিকিৎসকের মামলায় প্রজন্ম লীগ নেতার স্ত্রী গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে চিকিৎসককে বিবস্ত্র করে টাকা আদায়ের অভিযোগে করা মামলায় উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনের স্ত্রী মিনা বেগমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, তদন্তে এ ঘটনার সঙ্গে মিনা বেগমের সম্পৃক্ততা পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে জাকির হোসেনের বাড়িতে পুলিশের অভিযান চালানোর সময় তাঁর শোয়ার ঘরে খাটের গদির মধ্যে লুকিয়ে রাখা ওই চিকিৎসকের স্বাক্ষরিত সাড়ে চার লাখ টাকার একটি চেকের পাতা উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য মিনা বেগমকে আটক করা হয়। মিনা বেগম পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তাঁর স্বামীর কাছে থেকে পাওয়া ওই চেকের পাতা গোপন রাখতে তিনি খাটের গদির মধ্যে লুকিয়ে রেখেছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বলেন, মিনা বেগমকে এই মামলায় সহযোগী আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারে নাম পরিচয় উল্লেখ করা তিনজনকে গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত আছে। মামলায় জাকির হোসেন (৩০) এক নম্বর আসামি। মামলায় অজ্ঞাতনামা আসামি হিসাবে রয়েছে আরও আট-নয় জন।
শেরপুর উপজেলার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি জাকির হোসেনসহ তাঁর সহযোগীরা গত সোমবার রাতে উপজেলার বাগড়া এলাকায় একটি চাতালের গুদামঘরে চিকিৎসককে আটকে মারধর ও বিবস্ত্র করে ছবি তোলে। পরে তা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও প্রাণনাশের ভয় দেখিয়ে নগদ ৫০ হাজার টাকা ও সাড়ে চার লাখ টাকার একটি চেকের পাতা আদায় করে আসামিরা। ঘটনা নিয়ে ভুক্তভোগী ওই চিকিৎসক গত মঙ্গলবার থানায় মামলা করেন।