চিকিৎসা না পেয়ে কারাগারে আট নেতা অসুস্থ, অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুচিকিৎসা’ না পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজন নেতা কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন। তিনি বলেন, অসুস্থ অন্য নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, আবদুস সালাম পিন্টু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান, শামসুজ্জামান দুদু ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আসাদুজ্জামান বলেন, ‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, কারারুদ্ধ বিএনপির নেতাদের অনেকেই বারবার রিমান্ডে নেওয়া ও কারাগারে সুচিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। সুস্থ অবস্থায় গ্রেপ্তার হলেও নেতাদের কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে ফিরছেন। কেউ হুইলচেয়ারে করে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। অন্যরা রোগযন্ত্রণায় কারাগারে কাতর হয়ে পড়ছেন।’ তিনি অভিযোগ করেন, রাজশাহী কারাগারে বন্দী অবস্থায় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর মৃত্যু চিকিৎসার অভাবে হয়েছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্টারিতে ব্লকসহ নানা জটিল রোগে অসুস্থ অবস্থায় পাঁচ মাস ধরে কারাগারে রয়েছেন। আমরা দেখেছি, তাঁকে হুইলচেয়ারে বসিয়ে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু তাঁকে ভর্তি না করে আবার কারাগারে পাঠানোর ঘটনায় আমরা শঙ্কিত।’ তিনি মির্জা ফখরুলসহ অসুস্থ নেতাদের সুচিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরসহ আটক নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।