চিকিৎসা নিতে এসে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক যুবক খুন হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর পার থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবকের নাম লিটন আলী (৩২)। বাবার নাম হানিফ আলী। বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামে। নগরের রাজপাড়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, লিটন তাঁর নিজের ও শাশুড়ির চিকিৎসার জন্য শনিবার রাজশাহীতে আসেন। সঙ্গে ছিলেন তাঁর চাচাশ্বশুর জহুরুল ইসলাম। তাঁরা শনিবার বেলা তিনটার দিকে রাজশাহীতে আসেন। গতকাল সকালে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। রাতে হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সামনের বারান্দায় তাঁরা রাত কাটানোর সিদ্ধান্ত নেন।
জহুরুল ইসলাম জানান, সন্ধ্যায় তাঁদের হাসপাতালের বারান্দায় রেখে লিটন শহর দেখার জন্য হাসপাতাল থেকে বের হন। কিন্তু রাতভর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সকালের দিকে জহুরুল ইসলাম বাইরে বের হয়ে লোকমুখে শুনতে পান যে পদ্মা নদীর ধারে একজন মানুষ মরে পড়ে আছেন। তিনি গিয়ে লিটনের লাশ শনাক্ত করেন। সেখানে গিয়ে দেখা যায়, পদ্মার ধারে কাশবনের ভেতরে এক জায়গায় লিটনের রক্তমাখা একটি চামড়ার স্যান্ডেল পড়ে আছে। খানিকটা দূরে কাশবনের বাইরে নদীর ঘাটের কাছাকাছি তাঁর লাশ এবং আরেকটু এগিয়ে নদীর ঘাটের দিকে লিটনের মুঠোফোনটি পড়ে রয়েছে। মৃতদেহের পাশে রক্ত জমে রয়েছে।
গতকাল সকালে হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের বারান্দায় গিয়ে লিটনের শাশুড়ি আকলিমা বেগমকে পাওয়া যায়। তিনি বলেন, তিনি ও লিটন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন।
লিটনের বোনের মেয়ে মমতাজ লীনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি জানান, সারা রাত মামার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ জন্য বাড়ি থেকে ফোন করে জানানো হয়। তিনি সকালে হাসপাতালে এসেও কাউকে পাননি। পরে রাজপাড়া থানায় গিয়ে লাশের খবর পান। তিনি বলেন, এ অবস্থায় তাঁর মামার শাশুড়ি আর চিকিৎসা নেবেন না। তাঁরা লাশ নিয়ে বাড়ি ফিরে যাবেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যারা খুন করেছে তারা শুধু তাঁর মুঠোফোনটি নেয়। তাঁর পকেটে টাকাও ছিল। তবে কিছুই নেয়নি।