জামালপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকার অবহেলায় গত বুধবার এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রিয়াজুল (৩) নামে ওই শিশু উপজেলার মৌজাজাল্লাহ গ্রামের মিজান মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত মঙ্গলবার রাতে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাসনিম রুহী শিশুটিকে অক্সিজেন লাগিয়ে কিছু ওষুধপত্র লিখে দেন। পরে শিশুটির অবস্থার অবনতি হলে আত্মীয়স্বজন সেবিকা শাহিনা ও রুবিয়াকে অনেক ডাকাডাকি করলেও তাঁরা আসেননি। বুধবার রাতে আয়া ফিরোজা আক্তার শিশুটির মুখ থেকে অক্সিজেনের মাস্ক খুলে নেন। এর কিছুক্ষণ পর শিশুটি মারা যায়।
মেলান্দহ উপজেলা থেকে আসা অন্য এক রোগীর আত্মীয় নূর ইসলাম বলেন, অক্সিজেন খোলার পরই শিশুটি মারা গেছে। শিশুটির বাবা মিজান মিয়া অভিযোগ করেন, ভর্তি হওয়ার পর থেকে একবার চিকিৎসক এসে দেখে গিয়েছিলেন। এরপর আর আসেননি। অক্সিজেন মাস্ক খোলার পর ছেলেটি ঘন ঘন শ্বাস নেওয়ার চেষ্টা করে। এ সময় সেবিকাদের অনেক ডাকাডাকি করলেও তাঁরা আসেননি।
সেবিকা শাহিনা দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বাগেরহাট থেকে আসা একটি অসুস্থ শিশুর জন্য ওষুধ লিখছিলাম। সেই সময় ফিরোজা আক্তার অক্সিজেনের মাস্কটি খুলে নেন।’ আয়াকে মাস্কটি খুলতে বলা হয়নি বলে দাবি করেন তিনি। ঘটনার পর থেকে ওই আয়াকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে কথা বলার জন্য চিকিৎসক তাসনিম রুহী মীমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
সিভিল সার্জন মো. মোশায়ের-উল-ইসলাম বলেন, শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের জন্য পরামর্শ দেন। কিন্তু শিশুটির আত্মীয়স্বজন তা না করে এখানেই রেখে দেন। সেবিকাদের খারাপ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ‘এ অভিযোগটি শুনেছি। এ বিষয়ে সেবিকাদের নিয়ে আলোচনা হয়েছে। এটি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’