চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ, ভাঙচুর-বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার চিকিৎসার অভাবে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা দায়িত্বরত চিকিৎসকের বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত চিকিৎসক তৌফিক আহম্মেদকে পঞ্চগড়ের আটোয়ারীতে বদলি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ওই স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি হাটখোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজ্জাজুল আলম প্রামাণিক (৫৬) গতকাল সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তৌফিক কমপ্লেক্সে ছিলেন না। অন্তত ২০ মিনিট পর সকাল পৌনে ১০টার দিকে উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা সেখানে এসে ওই ইউপি সদস্যকে মৃত ঘোষণা করেন। এ সময় উপস্থিত লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। ওই ইউপি সদস্যের বিনা চিকিৎসায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে সেখানে হাজারো মানুষ উপস্থিত হন। পরে তাঁরা কমপ্লেক্সের জরুরি বিভাগ, অফিস কার্যালয় ও আবাসিক চিকিৎসকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন। আতঙ্কে ভর্তিরত অনেক রোগী কমপ্লেক্স থেকে চলে যান।
খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী। পরে উপজেলা চেয়ারম্যান কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ জনতা শান্ত হন।
হাজ্জাজুলের ছেলে ফকরুল আলম বলেন, ‘সেখানে চিকিৎসক থাকলে আমার বাবা মারা যেতেন না। দায়িত্বরত চিকিৎসক তৌফিক সে সময় স্বাস্থ্য কমপ্লেক্সে না থেকে রংপুরে অবস্থান করছিলেন। আমি ওই চিকিৎসকের কঠিন শাস্তি চাই।’
ওই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন ১৯ জন। কিন্তু গতকাল সকাল ১০টা পর্যন্ত সেখানে কোনো চিকিৎসক ছিলেন না।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাদিকুর রহমান গতকাল বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রংপুর থেকে হাসপাতালে যাচ্ছি, এখন রাস্তায় আছি।’ বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জরুরি বিভাগে চিকিৎসক তৌফিকের দায়িত্ব ছিল। তিনি কেন যাননি, তা দেখছি।’ এ ব্যাপারে চিকিৎসক তৌফিক গতকাল বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রংপুর সদর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে আমার একটু দেরি হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেসুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি রংপুরে আছি। বিষয়টি দেখা হবে।’
রংপুরের সিভিল সার্জন মোহাম্মদ আহাদ আলী প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগমের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।’