চিকিৎসার নামে চলছে প্রতারণা
একজন ছুরি আর অন্যজন লাঠি দিয়ে চিকিৎসা করেন। দুজনেরই বাড়িতে গড়ে তোলা হয়েছে ফুলসজ্জিত কথিত পীরের মাজার। সাত-আট বছর ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেন কবিরাজ মর্জিনা বেগম (৬০) ও আয়েশা সিদ্দিকা (৩৫) শূন্য থেকে এখন অনেক টাকা-পয়সার মালিক হয়েছেন। তাঁদের বাড়ি রংপুরের বদরগঞ্জের রাধানগর ইউনিয়নের পেলকাপাড়া গ্রামে। দুজনেরই দাবি, পীরের মাধ্যমে তাঁরা লাঠি ও ছুরি স্বপ্নে পেয়েছেন।
আয়েশার বাড়িতে গিয়ে দেখা যায়, কয়েকজন নারী-পুরুষ উঠানে পানির বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আয়েশা বারান্দায় সাদা শাড়ি ও ওড়না পেঁচিয়ে বসে আছেন। তাঁর হাতের কাছে রয়েছে প্রায় ১৮ ইঞ্চি লম্বা একটি ছুরি, একটি কাঁচি ও কয়েকটি পানির বোতল। সামনেই সাজসজ্জা করা কথিত পীর শাহ আলমের মাজার। রয়েছে দান বাক্স। পানির বোতল আয়েশার সামনে রেখে চোখের সমস্যার চিকিৎসা নিতে বসে যান সর্দারপাড়া গ্রামের কাচু মাবুদ। আয়েশা ছুরি পানির বোতলের ওপর রেখে বলেন, ‘বাবু, তোমার জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। প্রতিপক্ষের লোকেরা তোমাকে লাঠি দিয়ে আঘাত করলে কোমরে ব্যথা হয়। এ ব্যথা এখন চোখে গেছে। এ সময় কাচু মাবুদ বলেন, জমি নিয়ে কারও সঙ্গে আমার দ্বন্দ্ব হয়নি। কেউ আঘাতও করেনি। আয়েশা বলেন, এ ব্যাটা তুমি ভুল বলছ। আমার পীর বাবার গণনা মিথ্যা নয়। বোতলেই সব দেখতে পাচ্ছি। দে তিন কুড়ি পাঁচ টাকা। এ টাকা নিয়ে পানিতে ফুঁ দিয়ে তা খাওয়ার পরামর্শ দেন এবং চোখের ব্যথা সারাতে গোলাপজল দিয়ে পরিষ্কার করে প্রতিদিন চোখে নারকেল তেল লাগানোর পরামর্শ দেন।’
রংপুর আধুনিক হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ মোখলেসুর রহমান জানান, গোলাপজল ও নারকেল তেল চোখে দিলে কর্নিয়ার মারাত্মক ক্ষতি হতে পারে।
বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামের জাহিদুল হক আয়েশার সামনে পানির বোতল রাখলে কবিরাজ সমস্যার কথা জানতে চান। জাহিদুল জানান, তাঁর শরীরে ব্যথা হয় ও মাথা চক্কর দেয়। সমস্যা শুনে আয়েশা ১০০ টাকা নিয়ে বলেন, ‘আপনাকে করণ (জাদুটোনা) করেছে।’ তিনি জাহিদুলের মাথায় লম্বা ছুরি ঠেকিয়ে বলেন, ‘যাও তোমার করণ কেটে দিলাম।’
এলাকার কয়েকজন জানান, আয়েশার আর্থিক উন্নতি দেখে এক বছর পর মর্জিনাও বাড়িতে পীরের মাজার বানিয়ে লাঠির সাহায্যে চিকিৎসা শুরু করেন। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দেখা যায়, মাথার ওপর লাঠি ঘুরিয়ে ঝাড়ফুঁক ও পানিপড়া দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা দিচ্ছেন তিনি। পাশেই ইট দিয়ে তৈরি ‘ইয়ামিন খাজা বাবা’ নামে কথিত পীরের মাজার। এ সময় লালদিঘী গ্রামের শাহিন বলেন, ‘শুনেছি মর্জিনা মনের কথা বলতে পারেন। এমন কথা শুনে তাঁর কাছে এসেছিলাম। তিনি টাকা নিলেন, আমার মনের কথা বলতে পারলেন না। এসব ভণ্ডামি।’
পেলকাপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, মর্জিনার স্বামী ছিলেন দিনমজুর। স্বামীর মৃত্যুর পর তিনি বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করতেন। আয়েশার স্বামী আনিছুর রহমান ছিলেন জুয়াড়ি। এখন তাঁরা বেশ অর্থ সম্পদের মালিক।
মর্জিনা বলেন, ‘বাবা, মুই কোন নেকাপড়া জানো না। আরবিও জানো না। পীর বাবায় মোর সউগ ক্ষেমতা। লাঠিটা পীরে মোক দিছে। এ লাঠি মানুষের রোগমুক্তি দেয়।’ আয়েশা বলেন, ‘স্বপ্নে পীর বাবার মাধ্যমে ছুরিটা পেয়েছি। এই ছুরির অনেক ক্ষমতা। উপকার না পেলে মানুষ আসত না।’
রাধানগর ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ সরকার বলেন, ‘শুনেছি ওই দুই কবিরাজের ঝাড়ফুঁকে মানুষ উপকার পায়। আমি এসব বিশ্বাস করি না।’