চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা দুই চিকিৎসক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর হাসপাতালে রোগী ভর্তি এবং চিকিৎসায় অবহেলার অভিযোগে দুই চিকিৎসকের ওপর হামলা করেছে রোগীর আত্মীয়রা। গতকাল বৃহস্পতিবার এ হামলা হয়। ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করেছে পুলিশ।
এদিকে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে নার্স ও হাসপাতাল কর্মচারীরা শহরে বিক্ষোভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। হামলায় মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট হেলাল মিয়া ও আরএমও নজরুল ইসলাম আহত হন।
আরএমও নজরুল ইসলাম বলেন, পলাশবাড়ী এলাকার নবিবর রহমান নামের এক ব্যক্তি গতকাল সকালে পেটে ব্যথা নিয়ে জরুরি বিভাগে এলে তাঁকে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়। কিন্তু রোগীর আত্মীয়রা তাঁকে কেবিনে নিতে চাপ দেয়। পরে রোগীর আত্মীয়স্বজন জোর করে রোগীকে কেবিনে ওঠায়। এরপর সাধারণ ওয়ার্ডে রোগী দেখে কেবিনে যেতে কিছুটা বিলম্ব হওয়ায় রোগীর লোকজন হেলাল মিয়াকে লাঞ্ছিত করে। ঘটনার বিচার চাইতে হেলাল আরএমওর কক্ষে গেলে ওই কক্ষে আবার হামলা চালানো হয়। গুরুতর আহত হেলালকে পরে রংপুর হাসপাতালে পাঠানো হয়।
রোগীর স্ত্রী মোর্শেদা বেগম ও ভাই শমসের আলী বলেন, কেবিনে রোগী নেওয়ায় চিকিৎসকসহ সেবিকারা খারাপ ব্যবহার করেন।