বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের তিনজন জ্যেষ্ঠ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গঠিত বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গত সোমবার প্রতিবেদন দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউএর উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে বলে ধরে নেওয়া যায়। এখন দ্বিতীয় একটি কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৩০ আগস্ট টাঙ্গাইলের রহিমা আক্তার (৬৮) নামের এক রোগী হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে ভর্তি হন। তাঁর পেটে পানি ও ব্যথা ছিল। তিনি হাসপাতাল ছাড়েন ৯ সেপ্টেম্বর। তাঁর চিকিৎসায় অবহেলার অভিযোগে গঠিত ওই তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার আগের দিন রোববার তিনি টাঙ্গাইল সদর হাসপাতালে মারা যান। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক ফিরোজা বেগম ও অধ্যাপক সাবেরা খাতুনের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।
গত ৯ সেপ্টেম্বর রহিমা আক্তার ঠিকমতো চিকিৎসা পাননি বলে তাঁর ছেলে হাসান রেজা খান হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর অধ্যাপক রুহুল আমিন মিয়া, অধ্যাপক আবু সফি আহমেদ আমিন ও হাসপাতালের পরিচালক মো. আবদুল মজিদ ভূইয়াকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।
অভিযোগে বলা হয়, ভর্তির পরদিন ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক আবদুর রহিম মিয়া রোগীর বিষয়ে মতামত দেওয়ার জন্য স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক ফিরোজা বেগমের কাছে একটি চিঠি (রেফারেল নোট) দেন। চিঠিটি হাসান রেজার মাধ্যমে পাঠানো হলেও তিনি ফিরোজা বেগমের দেখা পাননি। পরে ফিরোজার সহকারী তাঁকে অধ্যাপক আবদুর রহিম মিয়ার কাছ থেকে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের আরেক অধ্যাপক সাবেরা খাতুনের নামে নতুন করে চিঠি আনার কথা বলেন।
অভিযোগে আরও বলা হয়, হাসান রেজা সাবেরা খাতুনের নামে আরেকটি চিঠি আনেন। ১ সেপ্টেম্বর সাবেরার সহকারী জানান, তিনি ওই দিন রোগী দেখতে যেতে পারবেন না। ৭ সেপ্টেম্বর তিনি ডি ব্লকে (এই ভবনে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ অবস্থিত) যাবেন। ওই দিন রোগীর স্বজন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে (সি ব্লকে) এসে তাঁকে মনে করিয়ে দিয়ে যান। এরপর অধ্যাপক আবদুর রহিম মিয়া ওই রোগী সম্পর্কে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সালেহা বেগম চৌধুরীর কাছে চিঠি পাঠান। সালেহা তাঁর এক সহযোগী অধ্যাপককে রোগী দেখে দিতে বলেন। সহযোগী অধ্যাপক জানান, তিনি অন্য কাজে ব্যস্ত, রোগী দেখতে পারবেন না।
গত সোমবার হাসান রেজা খান আক্ষেপ করে বলছিলেন, বিএসএমএমইউতে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর মায়ের ক্যানসার ধরা পড়েছিল। চিকিৎসকেরা ধারণা করছিলেন ক্যানসারটা জরায়ু বা ডিম্বাশয়ে। সে কারণেই ডাকা হয়েছিল স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপকদের। সাত দিন তাঁরা বিএসএমএমইউতে ছিলেন। প্রতিদিন সি ব্লক থেকে চিঠি নিয়ে ডি ব্লকে গিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা আর জানতেই পারেননি মায়ের ক্যানসারটা কোথায়।
এ বিষয়ে জানতে সালেহা বেগম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই রোগী ক্যানসারে ভুগছিলেন। সে কারণে তিনি না গিয়ে আরেকজনকে পাঠিয়েছেন।
সাবেরা খাতুনের দাবি, তিনি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে মনেই করতে পারছেন না। প্রথম আলোকে তিনি বলেন, ‘এ ঘটনা আপনাকে কে বলল? সেই সেপ্টেম্বর মাসের কথা, এখন মনে নেই। প্রতিদিনিই তো রেফার হয়ে আসা রোগী দেখছি। ডকুমেন্টও তো দেয়নি কিছু। এই অভিযোগ অসত্য।’
ফিরোজা বেগমকে ফোন করে ও খুদে বার্তা দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।