চিকিৎসায় অবহেলায় মা ও শিশুর মৃত্যু, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুগদা জেনারেল হাসপাতালে গত রোববার রাতে চিকিৎসকদের অবহেলায় এক মা ও নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত ফাতেমা আক্তার (২৪) ও তাঁর সদ্য ভূমিষ্ঠ সন্তানের মৃতদেহ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় মুগদা থানায় একটি মামলা করেছেন মৃত ফাতেমার স্বামী তারেকুল ইসলাম।
তারেকুলের অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় মুগদার ওই হাসপাতালেই নিয়মিত চিকিৎসা নিতেন ফাতেমা। এক সপ্তাহ আগে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে গেলে সন্তান প্রসবের জন্য দিনক্ষণ জানান সংশ্লিষ্ট চিকিৎসক। রোববার বিকেলে হঠাৎ ব্যথা শুরু হলে ফাতেমা, তাঁর মা ও ছোট বোনকে নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে যান। কিছুক্ষণ পর তারেকুলও হাসপাতালে আসেন। রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তারেকুলকে জানান আজই অস্ত্রোপচার করতে হবে।
তারেকুল বলেন, চিকিৎসকের পরামর্শে তিনি অস্ত্রোপচার করাতে রাজি হন এবং প্রয়োজনীয় ওষুধ কিনে আনেন। এক ব্যাগ রক্তও জমা দেওয়া হয় হাসপাতালে। রাত নয়টার দিকে অস্ত্রোপচার হয়। তারেকুলের অভিযোগ, অস্ত্রোপচারের পর কোনো তথ্যই ঠিকমতো জানাচ্ছিলেন না চিকিৎসকেরা। রাত ১১টার দিকে জরুরি ভিত্তিতে রক্ত সংগ্রহ করতে বলেন এবং নতুন একজন চিকিৎসক আসেন। আগের চিকিৎসক তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলেন এ সময়। এতে সন্দেহ হলে তারেকুল স্ত্রী-সন্তানের অবস্থা জানতে চান। তখন ওই চিকিৎসক তারেকুলকে জানান দুজনই ভালো আছেন। কিন্তু তাতেও সন্দেহ দূর না হলে তারেকুল তাঁর এক চিকিৎসক আত্মীয়কে মুঠোফোনে গোটা বিষয়টি জানান এবং সাহায্যের জন্য এগিয়ে আসতে বলেন। পরে সেই আত্মীয়ের মাধ্যমেই তারেকুল জানতে পারেন তাঁর স্ত্রী ও সন্তান মারা গেছেন।
এরপরই রাতেই মুগদা থানায় অভিযোগ করেন তারেকুল। পরে গতকাল তারেকুল বাদী হয়ে হাসপাতালের চার চিকিৎসকের বিরুদ্ধে একটি মামলা করেছেন। প্রথম আলোকে তারেকুল বলেন, মামলায় আনিস, সুমি, মৌসুমি ও তানজিলা নামে চার চিকিৎসককে আসামি করা হয়েছে। তিনি বলেন, ‘ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই আমার স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিন-চারজন চিকিৎসককে আসামি করা হয়েছে। তিনি বলেন, পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতেই মা ও নবজাতকের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সোমবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নোয়াখালীতে তাদের দাফন সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তারেকুল ও ফাতেমা আক্তার দম্পতির আড়াই বছরের একটি ছেলে রয়েছে। তাঁরা যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। তারেকুলের গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ির মির্জানগরে।
মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক আজিজুন্নাহারের সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল তিনি বলেন, ‘আমিও শুনেছি। কিন্তু বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়। কারণ ঘটনার দিন আমি ঢাকার বাইরে ছিলাম। আজ (গতকাল) ফিরছি।’