চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে গত বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক কর্মচারীকে লাঞ্ছিত ও চিকিৎসককে গালাগাল করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহাবুব রাব্বানী।
ওই ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্মচারী ও চিকিৎসকেরা গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা বন্ধ রাখেন। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা দুর্ভোগে পড়ে। হাসপাতালটির কর্মচারী কল্যাণ পরিষদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে। ঘটনাটি সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
কর্মবিরতি চলাকালে ইউএনও পঙ্কজ ঘোষ স্বাস্থ্য কমপ্লেক্সে যান। বেলা দেড়টার দিকে ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানীও সেখানে যান। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং লাঞ্ছিত কর্মচারীর কাছে ক্ষমা চান। পরে হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদ মানববন্ধনসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী বলেন, ‘রাজনৈতিক সহকর্মী রফিকুল ইসলামের রক্তাক্ত অবস্থা দেখে নিজেকে সংযত রাখতে পারিনি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত ও আন্তরিকভাবে দুঃখিত।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী দীপক কুমার বিশ্বাস বলেন, ‘রাত পৌনে বারোটার দিকে গোলাম মাহাবুব মোটরসাইকেলে করে রফিকুল ইসলাম নামের এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। রফিকের ডান হাতের কনুইয়ের দিকে ধারালো অস্ত্রের সামান্য ক্ষত দেখা যায়। এ সময় চিকিৎসককে না পেয়ে গোলাম মাহাবুব রাব্বানী সবাইকে গালাগাল করতে থাকেন। তিনি আমার ওপর চড়াও হন এবং চর-থাপ্পড় মারেন।’
ওই সময় কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রুবাইয়া বিনতে কবির বলেন, ‘গোলাম মাহাবুব রাব্বানী রোগী নিয়ে জরুরি বিভাগে ঢোকার আগেই গালিগালাজ করতে থাকেন। এ অবস্থা দেখে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকলেও ঢোকার সাহস পাচ্ছিলাম না। এমন অবস্থায় হাসপাতালে চাকরি করা সম্ভব নয়।’
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, ‘ভাইস চেয়ারম্যানের এমন আচরণ দুঃখজনক ও নিন্দনীয়। হাসপাতালের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হবে, আমাদের পক্ষ থেকে তাতে সহযোগিতা করা হবে।’
উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, ‘ভাইস চেয়ারম্যানের এমন আচরণ দিনে দিনে বেড়েই চলেছে। এমন ঘটনা উপজেলা পরিষদের জন্য লজ্জাকর। এর আগে পয়লা বৈশাখে তিনি পরিষদের চালক আবদুর রহমানকেও মারধর করেন।’
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বুধবার রাত সাড়ে এগারোটার দিকে গোলাম মাহাবুব দেবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। গোয়ালন্দ বাজার প্রধান সড়কের আউয়াল টাওয়ারের কাছে পৌঁছালে দুর্বৃত্তদের ছোড়া অস্ত্রের আঘাতে রফিক জখম হন। তাঁকে নিয়েই গোলাম মাহাবুব হাসপাতালে পৌঁছান।