চিঠি দিয়ে চাঁদা দাবি, আতঙ্ক
‘...সাত দিনের মধ্যে ৫০ হাজার টাকা ০১৯৫৬৪৫৪৭০২ নম্বরে বিকাশ করে পাঠিয়ে দিস। না হলে আগে একজনকে উঠিয়ে নিয়ে গেছি, তোর অবস্থাও তার মতো হবে। তখন টাকা দিবি দুই লাখ। তোকে না তুলতে পারলেও তোর ছেলেমেয়েকে যেখানে পাব, সেখান থেকে তুলে নেব। কে কোথায় থাকে, সবটাই আমাদের জানা।’
খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার সুন্দরবনসংলগ্ন দুটি গ্রামে বিভিন্ন লোকজনের কাছে চিঠি দিয়ে এভাবেই ৫০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে বনদস্যুরা। না দিলে কাউকে কাউকে তুলে নিয়ে গহিন বনে আটকে রাখা হচ্ছে। পরে মুক্তিপণ আদায় করে ছাড়া হচ্ছে তাদের।
কয়েকজন ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, সুন্দরবন ঘেঁষে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে কুমখালী ও কয়রার গিলাবাড়ি ইউনিয়নের হড্ডা গ্রাম। গ্রাম দুটি হিন্দু-অধ্যুষিত। এ এলাকার অধিকাংশ মানুষ মৎস্যজীবী। বাকিরা ব্যবসায়ী ও চাকরিজীবী। এক মাস ধরে সুন্দরবনের কাশেম বাহিনী দুই গ্রামের ব্যবসায়ী, শিক্ষক ও দোকানদারদের চিঠি দিয়ে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। এ পর্যন্ত ৫০ থেকে ৬০ জনের কাছে এ চিঠি পাঠানো হয়েছে। টাকা পরিশোধের জন্য ০১৯৫৬৪৫৪৭০২ নম্বরের বিকাশ করতে বলা হচ্ছে। তবে এই নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
কয়েক মাস আগে বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া সঞ্জয় বর্মণ বলেন, ‘ঘটনার সময় আমি একজনের বাড়িতে শুয়ে ছিলাম। রাতে ১৫ থেকে ২০ জন এসে চোখ বেঁধে আমাকে উঠিয়ে নিয়ে যায়। দুই রাত দুই দিন পর ৭০ হাজার টাকা দিয়ে ছাড়া পাই। চোখ বাঁধা থাকায় কাউকে চিনতে পারিনি।’
হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ বর্মণ বলেন, ‘আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে। চিঠি কারা দিয়েছে, তা বুঝতে পারছি না। পোস্ট অফিস থেকে চিঠি আসছে। খুলে দেখছি, চাঁদার চিঠি। ভয়ে এখন অনেকে চিঠি নিচ্ছে না। কখন কাকে উঠিয়ে নিয়ে যাবে, তা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।’
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, ‘চিঠি পাওয়ার পর এ বিষয়ে কয়েকজনের সঙ্গে কথা বলি। দেখি তাদের কাছেও চাঁদা চাওয়া হয়েছে। দুই গ্রামে অন্তত ৫০ জনের কাছে এই চাঁদা দাবি করা হয়েছে। পুলিশ বিষয়টি জানে কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না।’
পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস বলেন, ‘কিছুদিন আগে মাধব নামের একজনকে তুলে নিয়ে গিয়ে দুই লাখ টাকার দাবি করা হয়। মুঠোফোনে পরিচয় দেয় কাসেম বাহিনীর লোক তারা। পরে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। আমরা ও প্রশাসন সব সময় নজর রাখছি। কিন্তু রাতের আঁধারে সব খেয়াল রাখা যাচ্ছে না।’
কয়রার গিলাবাড়ি ইউপির চেয়ারম্যান বিজয় মণ্ডল বলেন, ‘এক মাস ধরে এ ঘটনা ঘটছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি। কিন্তু পুলিশের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
পাইকগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী বলেন, ‘সম্প্রতি অপহরণের ব্যাপারে কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কাজ করছি। তবে চিঠির ব্যাপারে আমার কিছু জানা নেই।’
কয়রা থানার ওসি সুবীর দত্ত বলেন, ‘হড্ডা গ্রামে একটি পুলিশ ক্যাম্প আছে। কিন্তু ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমাকে এ বিষয়ে কিছু জানাননি। তবু বিষয়টি আমি দেখছি।’