চিঠি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তকে দেওয়া ফরিদপুর জেলা প্রশাসনের তলবি চিঠি প্রত্যাহার এবং সংখ্যালঘুদের সম্পদ ও সম্পত্তি আগ্রাসনের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামে বিক্ষাভ সমাবেশ হয়েছে। ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পরিমল চৌধুরী।
বক্তারা বলেন, ফরিদপুর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে রানা দাশগুপ্তকে তলবি চিঠি দিয়েছে। কিন্তু রানা দাশগুপ্ত শুধু ফরিদপুর নয়, সারা দেশে সংখ্যালঘুদের জমি-বাড়ি দখলের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি কেন ফরিদপুর যাবেন?
বক্তারা বলেন, রানা দাশগুপ্ত একটি সংগঠনের মুখপাত্র হিসেবে সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন এবং তাঁদের সম্পত্তি ও সম্পদ দখলের প্রতিবাদে কথা বলে আসছেন। ফরিদপুরেও একটি জমিদার পরিবারের বাড়ি ও দেবোত্তর সম্পত্তি দখলের বিরুদ্ধে কথা বলেছেন। এ জন্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এই বিষয়কে কেন্দ্র করে তাঁকে তদন্ত কমিটির সামনে হাজির করার চিঠি দেওয়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি দখলের চক্রান্তের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা রাখতে হবে।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি রনজিত কুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক তাপস হোর, মহানগর শাখার সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ ঘোষ প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।