চিঠি লিখে ফেলে গেলেন দামি পোরশে গাড়ি
হাতিরঝিল এলাকা থেকে গতকাল সোমবার পরিত্যক্ত অবস্থায় একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক ফাঁকির ‘প্রায়শ্চিত্ত’ হিসেবে এর মালিক একটি চিঠি লিখে গাড়িটি ফেলে রেখে যান। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শরীফ আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
শরীফ আল হাসান প্রথম আলোকে বলেন, শুল্কসহ প্রায় চার কোটি টাকা দামের পোরশে কায়ানে ৯৫৫ মডেলের গাড়িটি হাতিরঝিলের রানার বিল্ডিংয়ের সামনের সেতুর ওপর পড়ে ছিল। এর ভেতরে চাবি ও চালকের আসনে একটি চিঠি পাওয়া গেছে। তবে চিঠিতে গাড়ির মালিকের নাম-ঠিকানা নেই।
অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমি বিগত কয়েক বছর থেকে গাড়িটি ব্যবহার করছি। গাড়িটি আমার অনেক প্রিয় ও আবেগের। সম্প্রতি আমি জানতে পারি এই গাড়িটিতে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে। আমি সমাজের সম্মানী ব্যক্তি। আমাকে অনেকে এক নামে চেনে। মানসম্মানের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় গাড়িটি ফেলে রেখে গেলাম। দয়া করে আমাকে খোঁজার চেষ্টা করবেন না।...ট্যাক্স ফাঁকি দিয়ে অন্যায় করলেও এটি জমা দিয়ে আমি প্রায়শ্চিত্ত করলাম।’
শরীফ আল হাসান বলেন, ২০০৫ সালে তৈরি গাড়িটি কারনেট সুবিধার মাধ্যমে যুক্তরাজ্যপ্রবাসী এক নারী চট্টগ্রাম বন্দর দিয়ে ২০১০ সালে বাংলাদেশে এনেছিলেন। গাড়িটির রেজিস্ট্রেশন করা হয়নি। গ্যারেজ নম্বরে গাড়িটি চলছিল। গাড়িটি কে ব্যবহার করতেন এবং হাতিরঝিলে কে ফেলে গেলেন, তা জানার চেষ্টা চলছে।