চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামে গতকাল বুধবার বিবদমান দুই পক্ষের সংঘর্ষে নারী, শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। এ সময় বেশ কিছু বসতঘর ও একটি দোকান ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলাতলা ইউনিয়নের রহমতপুর গ্রামে বিবদমান দুটি পক্ষের নেতৃত্ব দেন এমদাদুল হক শেখ ও ডা. শাজাহান। এমদাদুল কলাতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাজাহান একই ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। দুজনের পরিবার ও সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই মারামারি হয়। এর আগে গত বছর অন্তত তিনবার তারা রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে। কিন্তু সেসব ঘটনায় পুলিশ মামলা করেনি বা কাউকে গ্রেপ্তার করেনি। প্রতিবারই রাজনৈতিক প্রভাবে সালিস করে ঘটনার নিষ্পত্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের অধিকাংশই এমদাদুল হক (৫৯) পক্ষের। এমদাদুল হক, আরিফ শেখ, বদিউজ্জামান, নাজমুল শেখ, দেলোয়ার, হায়াত আলী, বাবুল শেখ, সাজ্জাদ ও ইউনুস মীর প্রতিপক্ষের বন্দুকের ছররা গুলিতে আহত হন। আহত অন্যরা হলেন জাকার আলী, বাদশা মাস্টার, হাসিব শেখ, জাকার বিশ্বাস, দুলাল শেখ, মিলি বেগম, ফিরোজ শেখ, সাজ্জাদ হোসেন ও রফিকুল ইসলাম সানা।
রহমতপুর গ্রামের বাদশা শেখ (৪৮) ও শাজাহান শেখ (২৮) বলেন, গতকাল সকাল আটটার দিকে শাজাহান পক্ষের ফিরোজ শেখকে প্রতিপক্ষের লোকজন টেঁটা দিয়ে রক্তাক্ত জখম করে। এ কথা জানাজানি হলে সকাল সাড়ে আটটার দিকে ফিরোজের সহযোগীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুলের বাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার সংঘর্ষে কয়েকজন গুলিবিদ্ধসহ ১৮ জন আহত হন। তাদের গোপালগঞ্জ সদর হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ১২টি বসতঘর ও একটি মুদি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এমদাদুল হক ও শাজাহানের সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহন আলী বিশ্বাস বলেন, ‘ঘটনা যেভাবে ছড়িয়েছে, আসলে তা এত বড় না। উভয় পক্ষই আমাদের দলের। তাই আমরা মীমাংসার চেষ্টা করছি। আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ উভয় পক্ষের জন্যই থাকছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার বলেন, ‘সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে। কোনো পক্ষ মামলা করতে এলে আমরা মামলা নেব।’