চিত্তরঞ্জনকে কোপানোর মামলায় জামায়াত-শিবিরের দুজন গ্রেপ্তার
নরসিংদীতে মুদির দোকানি চিত্তরঞ্জন আর্য্যকে (৫৭) কুপিয়ে আহত করার ঘটনায় জামায়াত–শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মাধবদী থানার চরমাধবদী ও মেহেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়। দুজনকেই রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
গ্রেপ্তার ওই দুজন হলেন মাধবদীর পাঁচদোনা ইউনিয়নের চরমাধবদী এলাকার সুলতান মিয়ার ছেলে নূর মোহাম্মদ (২৩) এবং মেহেরপাড়া ইউনিয়নের পৌল্লানপুর এলাকার আলফাজ উদ্দিনের ছেলে শাহান উল্লাহ (৩০)। নূর মোহাম্মদ পাঁচদোনা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। শাহান উল্লাহ মেহেরপাড়া ইউনিয়ন জামায়াতের আমির। এর আগে এ ঘটনায় মঙ্গলবার গভীর রাতে মামলার এজাহারে থাকা প্রধান আসামি কবিরাজপুরের ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, হামলার ঘটনায় তদন্তে নূর মোহাম্মদ ও শাহান উল্লাহ নামের দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেপ্তারের পর আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করে দুজনকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, মুদি দোকানি চিত্তরঞ্জনের ওপর হামলার ঘটনার সূত্র ধরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে নূর মোহাম্মদ ও শাহান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তা নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি, দ্রুত হামলাকারীরা গ্রেপ্তার হবে।
গত মঙ্গলবার রাত আটটার দিকে নরসিংদীর মাধবদী থানার ঢাকা-সিলেট মহাসড়ক–সংলগ্ন রঘুনাথপুর গ্রামে মুদি দোকানি চিত্তরঞ্জনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইসলামিক স্টেট (আইএস)। মাথায়, ঘাড়ে, গলায়, পেটে ও হাতের কবজিতে জখম নিয়ে চিত্তরঞ্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখান থেকে স্বাক্ষর করে লিখিত অভিযোগ পাঠিয়ে গত বুধবার রাতে হত্যাচেষ্টার অভিযোগে মাধবদী থানায় মামলা করেন চিত্তরঞ্জন।