চিত্র পরিচালক আলমগীর কুমকুম সিলেটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর যুবলীগের এক নেতার সঙ্গে বচসার জের ধরে পিস্তল দিয়ে ‘এলোপাতাড়ি’ গুলি করার অভিযোগে মঙ্গলবার মধ্যরাতে নগরের দাড়িয়াপাড়া এলাকায় নিজ বাসার সামনে থেকে পুলিশ তাঁকে আটক করে।
আলমগীর কুমকুমের কাছ থেকে লাইসেন্স করা পিস্তল ও ১৪টি গুলি জব্দ করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বুধবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
আলমগীর কুমকুম চৌধুরী প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, প্রয়াত চিত্রনায়কের নানাবাড়ি নগরের দাড়িয়াপাড়ায় বসবাস করেন কুমকুম। মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১২টার দিকে তাঁর বাসার সামনে দিয়ে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শান্ত দেব প্রাইভেট কার দিয়ে যাচ্ছিলেন। এ সময় গাড়ির হর্ন বাজানো নিয়ে কুমকুমের সঙ্গে কথা-কাটাকাটি হয় শান্তর। এর জের ধরে কুমকুম হঠাৎ পিস্তল উঁচিয়ে কয়েকটি গুলি করেন।
শান্ত জানান, গুলির শব্দ শুনে টহল পুলিশসহ আশপাশের লোকজন সেখানে গেলে কুমকুম পুলিশকে লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করেছেন বলে জানান। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমকুমকে পিস্তলসহ থানায় নিয়ে যান।
কুমকুমের এক প্রতিবেশী জানান, শান্ত দেবের সঙ্গে কুমকুমের বিরোধ ছিল। এর জের ধরে শান্ত কুমকুমের বাসার সামনে গিয়ে ইচ্ছে করে গাড়িতে হর্ন বাজাচ্ছিলেন। কুমকুম একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাসা থেকে বের হন। তখন গুলির শব্দ শোনা যায়। ঘটনাটি রাগের মাথায় ঘটে বলে তিনি মনে করেন।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ প্রথম আলোকে জানান, পিস্তল লাইসেন্স করা কি না এবং গুলি করার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে কুমকুমকে থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি সোহেল আহমেদ বলেন, অস্ত্রের লাইসেন্সের কাগজপত্র দেখালেও তিনি গুলি করার সঠিক কারণ বলতে পারছিলেন না। একেক সময় একেক কথা বলছিলেন। ওসি জানান, এ কারণে ‘এলোপাতাড়ি’ গুলি করার অভিযোগ এনে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জেলে পাঠানো হয়েছে।