চিনি, আটা ও রং মিশিয়ে গুড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে চিনি, আটা ও রং মিশিয়ে তৈরি করা ৩৫ মণ ভেজাল গুড় গতকাল রোববার ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত জব্দ করেছেন চিনি ও আটা। জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা ।
আদালত পরিচালনা করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আবদুস সামাদ। তিনি বলেন, উপজেলার দিড়িপাড়া এলাকায় শাহিনুর রহমানের বাড়িতে চিনি, আটা ও রং (খাদ্য রং নয়) মিশিয়ে ভেজাল গুড় তৈরির সময় অভিযান চালানো হয়। এ সময় মালিক পালিয়ে যান। তবে মালিকের সহকারী বাচ্চু আলীকে (২৮) আটক করা হয়। ভেজাল গুড় তৈরির দায়ে আটক মালিকের সহকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়। শাহিনের বাড়ি থেকে তিন বস্তায় ১৫০ কেজি নোংরা চিনি, একটি বস্তায় ৫০ কেজি আটা, দুই কেজি কাপড়ের রং, ১০ কেজি চুন, হাইড্রোজ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও বিজিবির সদস্যরা।