চিনি-ডালডা-গাম দিয়ে তৈরি হচ্ছে 'আসল' গুড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা দুর্গন্ধযুক্ত চিটাগুড়, ময়লাযুক্ত চিনি, ডালডা ও গাম মিশ্রণ করে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল ‘আসল’ গুড়। এমন খবর পেয়ে কুষ্টিয়ার খোকসা বাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তিনটি দোঁজালী কারখানাকে (গুড় তৈরির কারখানা) আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম রেবেকা খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় তাঁকে সহায়তা করে খোকসা থানার পুলিশ।

ভেজাল গুড় তৈরির দায়ে খোকসা বাজারের ষষ্টি দোঁজালীকে এক লাখ টাকা, নিত্য গোপাল দোঁজালীকে এক লাখ টাকা ও আলমাস দোঁজালী নামের এক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়।

নির্বাহী হাকিম রেবেকা খান প্রথম আলোকে বলেন, ‘ওই তিন কারখানায় এতটাই অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি হচ্ছিল যে সেখানে অভিযানের সময় আমি নিজেই অসুস্থবোধ করেছি। এসব গুড় জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’ তিনি আরও বলেন, কারখানাগুলোকে জরিমানাসহ সতর্ক করে দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে কারখানার পরিবেশ সুন্দর, স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত না করলে আবারও অভিযান চালানো হবে। তখন অনিয়ম পেলে কারখানাগুলো সিলগালা করে দেওয়া হবে।