চিনি দিয়ে খেজুর গুড় তৈরি!
চিনি দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা রোববার ভোরে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর ও ভবানীপুরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাজমুল আলম এসব কথা জানান। তাঁরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালান তাঁরা। অভিযানকালে বিভিন্ন রাসায়নিক ও চিটা গুড় দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরি করার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। উৎপাদিত ভেজাল গুড় বাজারজাত করার অপরাধে কারখানার মালিক শফিকুল ইসলামকে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড ও বাড়ির মালিক রিকি কোস্তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে র্যাবের একই দল ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির কারখানার মালিক কোরবান আলীকে ৫০ হাজার টাকা এবং একই এলাকার সাজদার আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ওই কারখানাগুলো থেকে ২৪ মণ ভেজাল পাটালি গুড়, চার ড্রাম পচা তরল গুড়, ৩২ মণ আখের চিনি, দুই লিটার রং মিশ্রিত রাসায়নিক, ২৮ কেজি পাথর চুনসহ গুড় তৈরির সরঞ্জামাদি জব্দ করেন আদালত। এ সময় জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম উপস্থিত ছিলেন। আটকের পর কারখানার মালিক শফিকুল ইসলাম স্বীকার করেন, তিনি ৪৮ টাকা কেজি চিনি কিনে তা দিয়ে খেজুরের গুড় বানিয়ে ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করেন।