চিনিকলের বর্জ্য নদী-খালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি কালচে রং ধারণ করেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
জয়পুরহাট চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি কালচে রং ধারণ করেছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

জয়পুরহাট চিনিকলের ছেড়ে দেওয়া বর্জ্যে জয়পুরহাটের আক্কেলপুর ও জয়পুরহাট সদর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদী ও শ্রী খালের পানি দূষিত হয়ে পড়েছে। দূষিত পানির কারণে মরে যাচ্ছে নদী-খালের মাছসহ জলজ অন্যান্য প্রাণী। শ্রী খালের মাছ মরে যাওয়ার ঘটনায় চিনিকল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, জয়পুরহাট চিনিকলের বর্জ্যে তুলসীগঙ্গা নদীর পানি দূষিত হয়ে পড়ছে। আগামী এপ্রিল মাসে তুলসীগঙ্গা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের মাছের দুটি অভয়াশ্রম প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হতে যাচ্ছে। বিষাক্ত বর্জ্য নদীতে এসে পড়ায় প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে।

এদিকে শ্রী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড জেলা ও উপজেলা প্রশাসনের কাছে চিনিকলের বর্জ্যে খালের মাছসহ জলজ প্রাণী মরে যাওয়ায় মিল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করে একটি চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, গত ২১ নভেম্বর জয়পুরহাট চিনিকল কর্তৃপক্ষ সমবায় সমিতিকে চিঠি দিয়ে জানায়, চিনিকলের দূষিত বর্জ্য কখনো শ্রী খালে আসে না। ওই চিঠির ভিত্তিতে শ্রী খালে বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছাড়া হয়। এরপর হঠাৎ করেই গত ২৫ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলের দূষিত বর্জ্য শ্রী খালে ঢোকে। এতে ওই সব পোনা মাছ মরে ভেসে উঠতে থাকে। চিনিকল কর্তৃপক্ষের দেওয়া চিঠির শর্তানুযায়ী সমিতির লোকজন খাল থেকে শুরু করে চিনিকল পর্যন্ত ঘুরে দেখেছে, এই দূষিত বর্জ্য চিনিকলেরই। এই বর্জ্যে বৃহত্তর এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এতে পশুপাখি, ফসল ও সেচকাজের বড় ধরনের ক্ষতি হচ্ছে। পোনা মাছ ক্রয় বাবদ ৮৫ হাজার, ব্লক নির্মাণসহ আনুষঙ্গিক খরচ ২৫ হাজার; মোট ১ লাখ ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে অনুরোধ করে ২৮ ডিসেম্বর চিঠি দেওয়া হয়েছে।

১২ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু হয়। এরপর থেকেই চিনিকলের বর্জ্য শ্রী খাল ও তুলসীগঙ্গা নদীতে পড়তে শুরু করে। এর আগেও চিনিকলের বর্জ্যে এই খাল ও নদীর পানি দূষিত হওয়ার ঘটনায় ২০১৫ সালে প্রথম আলোয় ‘তরল বর্জ্যে দুর্বিষহ জীবন’ শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয়। পরে গত বছরের আক্টোবরে শ্রী খাল কর্তৃপক্ষ মিল কর্তৃপক্ষের কাছে দূষণের প্রতিবাদে অভিযোগ দেয়। এর জবাবে ২১ নভেম্বর মিল কর্তৃপক্ষ খাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে নিশ্চয়তা দেয় যে দূষিত বর্জ্য খালে যায় না। ২৮ ডিসেম্বর ক্ষতিপূরণ চেয়ে প্রশাসনকে দেওয়া খাল কর্তৃপক্ষের চিঠির সঙ্গে মিল কর্তৃপক্ষের ২১ নভেম্বরের ওই চিঠির অনুলিপিও জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।

সমবায় সমিতির সভাপতি আবু মোত্তালেব ক্ষতিপূরণ চেয়ে চিঠি পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে বলেন, ‘চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে আমরা এখনো ক্ষতিপূরণের টাকা পাইনি। ক্ষতিপূরণ না পেলে চিনিকল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

৫ জানুয়ারি জয়পুরহাট চিনিকলে গিয়ে দেখা যায়, চিনিকলের বর্জ্য বের করে দেওয়ার জন্য দুটি নালা রয়েছে। একটি নালা উত্তর দিকে, অন্যটি দক্ষিণ দিকে বয়ে চিনিকলের নিজস্ব খালে মিলিত হয়েছে। বর্জ্যে উত্তর দিকের নালাটির মুখ মাটি ফেলে বন্ধ করে রাখা হয়েছে। ফলে সব বর্জ্য দক্ষিণের নালা দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই নালার পানি জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপির মরা খালে পড়ছে। সেখান থেকে তা আক্কেলপুর উপজেলার শ্রী খালে গিয়ে পড়ছে। দুর্গন্ধযুক্ত কালচে রঙের সেই পানি শ্রী খাল দিয়ে প্রবাহিত হয়ে তুলসীগঙ্গা নদীতে মিশছে।

স্থানীয় অন্তত ২০ থেকে ২৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১২ ডিসেম্বর চিনিকলে আখ মাড়াই শুরু হয়। এক সপ্তাহের মধ্যে চিনিকল থেকে নালা বেয়ে চিনিকলের বর্জ্য বের হতে শুরু করে। এই বর্জ্যমিশ্রিত দূষিত পানির দুর্গন্ধে বাড়িঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। চিনিকলে আখ মাড়াই শুরুর আগে এসব নদী-খালের পানি পরিষ্কার ছিল।

রুকিন্দীপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিকু রহমান বলেন, চিনিকলের দূষিত বর্জ্যে শ্রী খালের মাছ মরে গেছে। পানির দুর্গন্ধে লোকজনের টেকা কঠিন হয়ে পড়েছে।

চিনিকলের পরিচালক (এমডি) মোস্তফা কামাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিনিকলের বর্জ্যমিশ্রিত পানির কারণে শ্রী খালের মাছ মরে গেছে বলে খালটির পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লোকজন জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে চিনিকলের বর্জ্যবাহিত পানি মিলের নিজস্ব খালেই ছাড়া হচ্ছিল। তবে শিগগিরই আখ মাড়াই শেষ হবে। তখন আর এ সমস্যা থাকবে না।