চিনির সঙ্গে তেল কিনতে বাধ্য করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা ব্যবসায়ীদের চিনির সঙ্গে সরিষার তেল কিনতে বাধ্য করায় চট্টগ্রামের খাতুনগঞ্জে পাইকারি পণ্য বিক্রির প্রতিষ্ঠান ইবনাত ট্রেডার্সের মালিককে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাইকারি চিনি বিক্রির অন্যতম বড় প্রতিষ্ঠান মীর আহমেদ সওদাগর ট্রেডার্সের সহযোগী প্রতিষ্ঠান এটি। ইবনাত ট্রেডার্সের মালিক মীর মোহাম্মদ হোসাইন মীর আহমেদ সওদাগর ট্রেডার্সেরও পরিচালক।
একই ঘটনার মীর আহমেদ সওদাগর ট্রেডার্সের বিক্রয় ব্যবস্থাপক জানে আলমকে ২০ লাখ টাকা, ইবনাত ট্রেডার্সের দুই কর্মচারী কাঞ্চন মজুমদার ও আবুল কাশেম প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় ক্যাবের প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ পুলিশ ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মীর আহমেদ সওদাগর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালামের ছোট ভাই মীর মোহাম্মদ হোসাইন। এর আগে পাইকারি চিনির দাম বেশি নেওয়ায় আবদুস সালাম ও জানে আলমকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, চিনির সঙ্গে সরিষার তেল কিনতে বাধ্য করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে খাতুনগঞ্জের ইবনাত ট্রেডার্সে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির সামনে চিনির জন্য অপেক্ষায় থাকা খুচরা ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করে এই অভিযোগের সত্যতা পান ভ্রাম্যমাণ আদালত। প্রতি পাঁচ বস্তা (২৫০ কেজি) চিনির সঙ্গে ব্যবসায়ীদের দুই টিন (৩২ লিটার) করে সরিষার তেল কিনতে বাধ্য করা হচ্ছিল। কেউ তেল কিনতে না চাইলে তাঁকে চিনি দেওয়া হচ্ছিল না। প্রতি বস্তা চিনির দাম ২ হাজার ৬০০ টাকা। অর্থাৎ, প্রতি কেজি চিনির পাইকারি মূল্য ৫২ টাকা।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির কর্মচারী কাঞ্চন মজুমদার ও মীর গ্রুপের ব্যবস্থাপক জানে আলমকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে প্রতিষ্ঠানটি মালিক মীর মোহাম্মদ হোসাইন ও আরেক কর্মচারী আবুল কাশেম জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। এ সময় প্রতিষ্ঠানটির কর্মচারী কাঞ্চন মজুমদার ভ্রাম্যমাণ আদালতকে জানান, মালিকের নির্দেশ অনুযায়ী তাঁরা চিনির সঙ্গে তেল কিনতে খুচরা ব্যবসায়ীদের বাধ্য করছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে ইবনাত ট্রেডার্সের মালিক মীর মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের কাছে দাবি করেন, দুই মাস ধরে ইবনাত নামে সরিষার তেল বাজারজাত করা হচ্ছে। নতুন ব্র্যান্ড হওয়ায় কর্মচারীদের বলা হয়েছিল, তাঁরা যেন চিনির সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সরিষার তেলটি কিনতে অনুরোধ করেন। কিন্তু জোর করে বিক্রির কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, ১৪০০ টাকা দিয়ে ৩২ লিটার ইবনাত ব্র্যান্ডের তেল কিনতে বাধ্য হচ্ছিলেন খুচরা ব্যবসায়ীরা। এই ব্র্যান্ডটি বাজারে অপরিচিত। এই তেল খুচরা বাজারে বিক্রি করতে না পেরে খুচরা ব্যবসায়ীরা বেশি দামে চিনি বিক্রি করে লাভ তুলে নিচ্ছিলেন। গত সাত দিনে এভাবে ইবনাত ট্রেডার্স ৫৬ হাজার লিটার সরিষার তেল বিক্রি করেছে।
চিনির চাহিদাকে পুঁজি করে এ ধরনের ব্যবসা করার বিষয়ে জানতে চাইলে খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমেদ বলেন, এটি ঠিক হয়নি। জিম্মি করে কোনো খুচরা ব্যবসায়ীকে নির্দিষ্ট পণ্য কিনতে বাধ্য করাটা অনুচিত।