চিনে ফেলায় ব্যবসায়ীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের চিনে ফেলায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারের ব্যবসায়ী আবদুস শহীদ (৬৫) কে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন আটজনের ছিনতাইকারী দল। পরে তাঁরা ছিনতাইয়ের টাকা ভাগ-বাঁটোয়ারা করে পালিয়ে যান। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে-এর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেন ওই ঘটনায় গ্রেপ্তার আসামি সাজ্জাদ হোসেন(২০)।

ঈদের আগের দিন গত ২৫ জুন রোববার রাত দুইটার দিকে বাড়ি ফেরার সময় বাড়বকুণ্ড দক্ষিণবাজার এলাকায় ব্যবসায়ী আবদুস শহীদ খুন হন। পরদিন (ঈদের দিন) সকালে ওই এলাকায় দোকানের পেছনে পুকুরের পাড়ে তাঁর লাশ দেখতে পান স্বজনেরা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই দিন আবদুস শহীদের ছেলে নাজিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 ছিনতাই ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে সাজ্জাদ হোসেনকে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক(এসআই) নাদিম মাহমুদ প্রথম আলোকে বলেন, সাজ্জাদ হোসেন আদালতে জবানবন্দিতে বলেছেন, ঘটনার দুই দিন আগে তাঁর এক বন্ধুসহ (নাম প্রকাশ করেনি পুলিশ) তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া বিলে নিয়ে যান। সেখানে আরও ছয়জন জড়ো হন। মোট আটজনে বসে ব্যবসায়ী আবদুস শহীদের কাছ থেকে টাকা ছিনতাই করবেন বলে পরিকল্পনা করেন। ঈদের আগের রাত ২টার দিকে আবদুস শহীদ তাঁর দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাঁর কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় তাঁদের একজনকে চিনে ফেলেন আবদুস শহীদ। ফলে তাঁরা শহীদের মুখ বেঁধে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। তাঁর কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে সবাই মিলে তেলিপাড়া বিলে গিয়ে টাকাগুলো ভাগ-বাঁটোয়ারা করে নেন। সাজ্জাদ পান ১০ হাজার টাকা।

তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডে জড়িত থাকা অন্য সাতজনের নাম পরিচয় প্রকাশ করেননি এসআই নাদিম মাহমুদ।