পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
গত রোববার রাতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাতে ওই লিখিত অভিযোগ চেয়ারম্যান মজিবুর রহমান নিজেই পৌঁছে দেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওসি আ জা ম মাসুদুজ্জামান।
মজিবুর রহমান বাউফল উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি অভিযোগ করেন, রোববার বিকেলে মুঠোফোনে চিফ হুইপ আ স ম ফিরোজ প্রথমে তাঁকে বাউফলের মাটিতে ‘লেংটা’ করে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন চিফ হুইপ। ঘটনাটি তিনি ওই দিনই উপজেলা পরিষদের এক সভায় সবাইকে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বলেন, উপজেলা প্রকৌশলী শাহজাহান ফরাজি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহজাদা মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) আটজন চেয়ারম্যান ওই সভায় উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজি বলেন, চিফ হুইপ আ স ম ফিরোজ এর আগে প্রকাশ্যে ক্রেস্টের বদলে টাকা চেয়ে এবং সরকারি বরাদ্দের অতিরিক্ত বাড়ি ব্যবহার করে সমালোচনার মুখে পড়েন।
তবে চিফ হুইপ আ স ম ফিরোজ উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানকে হত্যার হুমকি দেননি বলে দাবি করেন।
গতকাল সোমবার প্রথম আলোয় ‘উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি দিলেন চিফ হুইপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।