চিরকুট রেখে একসঙ্গে বাড়ি ছাড়েন দুই খালাতো ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা আমাদের পথ খুঁজে পেয়েছি, আমাদের চলে যাওয়ার জন্য আরেফিনকে দায়ী করো না’ লেখা চিরকুট রেখে আহমেদ রাফিদ আল হাসান ও আয়াদ হাসান নামের ১৮ বছরের দুই তরুণ বাড়ি ছাড়েন গত ৯ আগস্ট। তাঁরা পরস্পর খালাতো ভাই। তাঁদের এখন হন্যে হয়ে খুঁজছে পরিবার। খুঁজছে পুলিশও।

ঢাকার মিরপুরের পূর্ব মণিপুরের বাসিন্দা এই দুই তরুণ ‘ও’ লেভেল পরীক্ষা দিয়েছিলেন। সম্প্রতি গাজীপুর ও টাঙ্গাইলে তিনটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ১১ জন নিহত হওয়ার পর এই দুই তরুণের পরিবারের সদস্যরাও ছুটে যান পুলিশের কাছে। জানতে চান, নিহত জঙ্গিদের মধ্যে তাঁদের সন্তানেরা আছেন কি না?

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ৮ অক্টোবর গাজীপুরের পুলিশি অভিযানের পর ওই দুই তরুণের স্বজনেরা এসেছিলেন। তাঁরা নিহত জঙ্গিদের ছবি দেখে নিশ্চিত হন, এখানে তাঁদের ছেলেরা নেই।

এই দুই তরুণ যেদিন নিখোঁজ হন সেদিনই আয়াদ হাসানের মা মুনমুন আহমেদ তাঁর ছেলের নিখোঁজ হওয়ার বিষয়ে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে তিনি লিখেছেন, তাঁর ছেলে আয়াদ হাসান ও বোনের ছেলে আহমেদ রাফিদ আল হাসান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসা ছেড়ে বেরিয়ে যায়। তাদের পরনে ছিল টি-শার্ট ও ট্রাউজার। যাওয়ার আগে তারা তাদের মুঠোফোনের সিম খুলে রেখে যায়। সঙ্গে দেড় লাখ টাকা ও নিজেদের পাসপোর্ট নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, পরিবার নিখোঁজের ডায়েরি করার পরপরই বাংলাদেশের সব থানায় খবর দেওয়া হয়েছে। এই বিষয়ে অনুসন্ধান চলছে।

নিখোঁজ দুই তরুণের স্বজনদের বরাত দিয়ে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আহমেদ রাফিদ আল হাসান, তাঁর বড় ভাই রাকিব হাসান ও মামাতো ভাই আরেফিন ইসলাম সব সময় একসঙ্গে থাকতেন। পরে এই তিনজনের সঙ্গে যোগ দেন আয়াদ হাসান। আয়াদ তাঁর মা-বাবার সঙ্গে সৌদি আরবে ছিলেন। বছর খানেক আগে আয়াদ মা-বাবার সঙ্গে দেশে ফেরেন। তখন রাফিদ ও আয়াদ দুজনেই ‘ও’ লেভেল পরীক্ষার্থী ছিলেন। আয়াদের মা মুনমুন আহমেদ ছেলেকে পড়ানোর দায়িত্ব দেন বোন নীলুফার ইয়াসমিনের বড় ছেলে রাকিবের ওপর। এরপর একপর্যায়ে মুনমুন তাঁর ছেলে আয়াদের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেন। আয়াদ মাকে হিজাব পরার জন্য এবং পরিবারের সবাইকে তাহাজ্জুদসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চাপ দিতে থাকেন।

আয়াদের মা মুনমুন আহমেদের বরাত দিয়ে পুলিশ জানায়, দেশে ফিরে দুই খালাতো-মামাতো ভাইয়ের সঙ্গে মেশার আগ পর্যন্ত আয়াদ আধুনিক জীবন যাপন করতেন। তাঁর একাধিক মেয়েবন্ধুও ছিলেন। কিন্তু বাড়ি ছাড়ার আগে আয়াদ ও খালাতো ভাই রাফিদ কিছুটা চুপচাপ হয়ে যান। পরিবারের অন্যদের সঙ্গে কথা কম বলতেন। আত্মীয়স্বজনের কাছ থেকেও তাঁরা নিজেদের গুটিয়ে নেন। তাঁরা ছবি তোলা বন্ধ করে দেন এবং দিনের অনেকটা সময় ইন্টারনেটে ব্যয় করতেন। তবে জিমে গিয়ে তাঁরা শরীরচর্চা করতেন।

আয়াদ ও রাফিদের পরিবর্তনের জন্য দুটি পরিবারের সন্দেহ, তাঁদের এক মামাতো ভাই আরেফিনের মাধ্যমে তাঁরা উগ্র মতাদর্শে উদ্বুদ্ধ হয়েছেন। অবশ্য পুলিশ বলছে, দুজনের নিখোঁজের ব্যাপারে জিডি হওয়ার পর আরেফিনকে বাসা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর কাছ থেকে তেমন কোনো তথ্য পায়নি। পরে তাঁকে কারাগারে পাঠিয়ে দেয়।

আরেফিন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন। ‘সহশিক্ষা’ ধর্মসম্মত নয়, এই যুক্তিতে তিনি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া বন্ধ করে দেন। আয়াদ ও রাফিদের পরিবারের দাবি, আরেফিন ফেসবুকে আইএসের পক্ষে লেখা ও ছবিতে লাইক দিতেন। আরেফিন নিখোঁজ দুই তরুণকে বিভিন্ন পুস্তিকা ও আইএসের মতাদর্শ প্রচারের বাংলা ব্লগ আত-তামকীনসহ ইন্টারনেটের বিভিন্ন সাইটের সঙ্গেও আরেফিন পরিচয় করান। অবশ্য আয়াদ ও রাফিদ বাসায় যে চিরকুট রেখে যান, তাতে মামাতো ভাই আরেফিনকে দায়ী না করতে বলেছেন।

নিখোঁজ দুই তরুণের নানা আইনউদ্দিন আহমেদ একজন ধনাঢ্য ব্যবসায়ী। এলাকার সবাই একনামে চেনেন পরিবারটিকে। মিরপুরের পূর্ব মণিপুরে বেশ বড় জায়গার ওপর তাঁর তিনতলা বাড়ি। বাড়ির একপাশে থাকেন আইনউদ্দিন আহমেদের মেয়েরা, অন্যপাশে স্থাপন করেছেন মাদ্রাসা। তাঁর ব্যবসা দেখাশোনা করেন নিখোঁজ রাফিদের বাবা তৌফিক হাসান। গতকাল ওই বাসায় গিয়ে তৌফিক হাসানকে পাওয়া যায়নি। বাসা থেকে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে আছেন।

রাফিদের মা নীলুফার আহমেদের ও আয়াদের মা মুনমুন আহমেদের সঙ্গে কথা বলতে চাইলে বাড়ির তত্ত্বাবধায়ক মো. সাঈদ বলেন, তাঁরা কেউ বাসায় নেই। কখন আসবেন, তা-ও জানেন না। এই দুই মায়ের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তাঁরা ধরেননি। খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

পুলিশ বলছে, এই দুই তরুণ যেদিন বাড়ি ছাড়েন, প্রায় একই সময়ে বাড়ি ছাড়েন গাজীপুরের পাতারটেকের জঙ্গি আস্তানায় নিহত জঙ্গিদের মধ্যে দুজন—পুরান ঢাকার ইব্রাহিম ও সুনামগঞ্জের সাইফুর রহমানও। তাই সন্দেহ করা হচ্ছে, এই দুজনও ‘নব্য জেএমবি’র কোনো আস্তানায় আছেন।