চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার বগুলাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহর আলী (৫০) আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পাশ থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। গতকাল সকালে বাড়ির পাশের একটি গাছে মোহরের লাশ ঝুলে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ আলম সিদ্দীকী বলেন, গত বছর ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় মোহর আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাঁকে আসামি করায় চিরকুটে তিনি অনেক আক্ষেপের কথা লিখে গেছেন।

নূর-এ আলম সিদ্দীকীর ভাষ্য অনুযায়ী, চিঠিতে মোহর আলী লিখেছেন, ‘আমি একজন শিক্ষক, সম্মানী ব্যক্তি। জীবনে কোনো দিন খারাপ কাজ করিনি। খুনের ঘটনার সঙ্গে আমাকে জড়ানোয় আজ আমি আত্মহত্যা করতে বাধ্য হলাম। আমি মরে যাওয়ার পরে জাতি যেন এর বিচার চায়।’

মোহর আলীর ছেলে নিজাম উদ্দিন বলেন, বাবার নামে মামলা দেওয়ার পর তিনি ভেঙে পড়েন। তাঁর মতো একজন শিক্ষককে হত্যা মামলায় জড়ানোর বিষয়টি তাঁর আত্মসম্মানে লেগেছিল।

ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন, ‘লাশের পাশে একটি চিরকুট পেয়েছি। সেখানে কী লেখা রয়েছে, তা মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করা যাবে না।’

গত বছরের ২৩ জুলাই ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামের আমন খেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফারুক হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফারুকের বাবা খোরশেদ আলম রুহিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মোহর আলীকে ওই মামলায় আসামি করা হয়।