চিরকুটে নাম তিনজনের, গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের লাঞ্ছনা সইতে না পেরে গত রোববার আত্মহত্যা করেছেন চট্টগ্রামের পতেঙ্গার হাদিপাড়া এলাকার জুতার কারখানাশ্রমিক কোহিনুর আক্তার (১৮)। আত্মহত্যার আগে লিখে যান একটি চিরকুট। এতে নাম উল্লেখ করে দায়ী করেন তিন যুবককে। এর পরও গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হাদিপাড়ায় কোহিনুরের ভাড়া বাসা থেকে রোববারই চিরকুটসহ তাঁর পরিচয়পত্র ও মুঠোফোন উদ্ধার করে পুলিশ। আত্মহত্যার জন্য চিরকুটে তিনি দায়ী করে যান যুবক বেলাল উদ্দিন (২৪), মো. ইকবাল (১৯) ও মোকতার আহমদকে (১৮)।
আত্মহত্যার পর কোহিনুরকে গত সোমবার রাতে আনোয়ারার জুঁইদণ্ডী গ্রামের বাড়ি দাফন করা হয়। এ ঘটনায় তাঁর পরিবারে এখনো চলছে শোকের মাতম। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে কোহিনুর ছিলেন দ্বিতীয়। দুই বছর ধরে চাকরি করতেন নগরের একটি জুতার কারখানায়। তাঁর বেতনের টাকা দিয়েই চলত বাবা-মাসহ এই পুরো সংসার।
পরিবারের ভাষ্য, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গত শুক্রবার গ্রামের বাড়ি আনোয়ারা থেকে কর্মস্থল পতেঙ্গায় ফিরছিলেন কোহিনুর। নৌকায় কর্ণফুলী পার হয়ে ১৫ নম্বর ঘাটে নামেন তিনি। সেখান থেকে অটোরিকশা নিয়ে হাদিপাড়ার বাসায় ফিরছিলেন। একই অটোরিকশায় ছিলেন কোহিনুরের পূর্বপরিচিত একজনসহ আরও দুই যুবক। পথে যুবকেরা কোহিনুরকে জোরপূর্বক নগরের কোতোয়ালি থানা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে ওঠান ও আটকে রেখে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এ সময় বেলালকে আটক করা হলেও পরদিন শনিবার আদালত থেকে জামিনে বেরিয়ে যান তিনি।
এ ঘটনার পর রোববার সকালে চাকরিস্থলে যোগ দেন কোহিনুর। দুপুরে বাসায় ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এর আগে ধর্ষণ ও এই লাঞ্ছনার ঘটনা জানিয়ে যান এক বান্ধবীকে। পাশাপাশি লিখে যান ওই চিরকুট।
আত্মহত্যার পর পতেঙ্গা থানায় ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সোমবার ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেন কোহিনুরের বাবা মো. শরীফ। মামলার সাক্ষী হয়েছেন কোহিনুরের সেই বান্ধবী। আসামিদের মধ্যে বেলাল আনোয়ারার বটতলীর ব্যবসায়ী জামাল উদ্দিনের ছেলে, ইকবাল বরুমচড়ার আহমদ ছবির ছেলে ও মোকতার আবদুস সালামের ছেলে।
কোহিনুরের বাবা মো. শরীফ অভিযোগ করেন, ‘অপরাধীরা প্রভাবশালী। তাদের টাকা-পয়সা বেশি। এ কারণে তাদের ধরা হচ্ছে না।’ তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চিরকুটে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করেছেন কহিনুর। আমরা সেভাবেই এগোচ্ছি। আশা করছি, আসামিরা ধরা পড়বে।’
এলাকাবাসীর বিক্ষোভ: ময়নাতদন্ত শেষে সোমবার রাতে উপজেলার বটতলী বাজারে কোহিনুরের লাশ নিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তাঁরা বেলালের বাবা জামাল উদ্দিনের মালিকানাধীন ইমাম শপিং সেন্টার নামের মার্কেটের সামনেও জড়ো হন। আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। বিক্ষোভ শেষে কোহিনুরের লাশ দাফন করা হয়।