চিরিরবন্দরে গণপিটুনিতে 'ডাকাত' নিহত
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত বুধবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসীর গণপিটুনিতে সন্দেহভাজন এক ডাকাত নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ডাকাতের নাম মো. আবদুল আজিজ ওরফে কালা ডাকাত (৪৫)। তাঁর বাড়ি চিরিরবন্দরের আলোকডিহি গ্রামে। আহত ডাকাতের নাম মাহবুব হোসেন (৪৩)। তাঁর বাড়ি পার্বতীপুরের জাহানাবাদ গ্রামে। মাহবুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার নখৈর গ্রামের কৃষক মো. মোবারক হোসেন বলেন, উপজেলার দক্ষিণ সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পাকা সড়কটি রাত ১০টার পর প্রায় নির্জন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাত ১০টার পর থেকে ওই রাস্তায় ডাকাতি ও ছিনতাই হচ্ছিল। বিষয়টি পুলিশকে জানালে তাদের (পুলিশ) পরামর্শ অনুযায়ী গ্রামের মানুষ পালাক্রমে ওই সড়কে পাহারার ব্যবস্থা করেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যালয়সংলগ্ন ওই সড়কে ছয় থেকে আটজনের একটি ডাকাত দলকে মুখে কালো কাপড় বেঁধে দেশীয় অস্ত্র হাতে অপেক্ষা করতে দেখা যায়। বিষয়টি মুঠোফোনে পাহারা দলের মাধ্যমে আশপাশের পাঁচটি গ্রামের লোক জানতে পারেন। একপর্যায়ে গ্রামবাসী প্রথমে ডাকাত দলটিকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে উল্টো ডাকাতরাই গ্রামবাসীর ওপর চড়াও হন। এরপর সংঘবদ্ধ হয়ে ডাকাত দলের ওপরে চড়াও হন স্থানীয় লোকজন। এরপর গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ঘিরে ফেলেন। এ সময় আবদুল আজিজ গণপিটুনিতে নিহত ও মাহবুব আহত হন। অন্যরা পালিয়ে যান। মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য আজিজের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় গ্রামবাসীর পক্ষে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলার প্রস্তুতি নিচ্ছে। আজিজ ও মাহবুব আন্তজেলা ডাকাত দলের সদস্য।