চিরিরবন্দরে গুলিবিদ্ধ ইসকনের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দরে গত সোমবার রাতে বীরেন্দ্রনাথ রায় (৬৪) নামের এক হোমিও চিকিৎসক দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) দিনাজপুর জেলা কমিটির সভাপতি।
গুরুতর আহত অবস্থায় সোমবার রাতেই বীরেন্দ্রনাথকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার সকালে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বীরেন্দ্র নাথের বাড়ি উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীপুর নাপিতপাড়া গ্রামে। স্থানীয় রানীরবন্দর-খানসামা রোডে ‘রায় ফার্মেসি’ নামে তাঁর নিজস্ব চেম্বার ও ওষুধের দোকান রয়েছে। রাতে চেম্বার বন্ধ করে বাইসাইকেল চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছার পর এক তরুণ পেছন থেকে বীরেন্দ্রনাথকে লক্ষ৵ করে গুলি ছোড়ে। গুলিটি বীরেন্দ্রনাথের পিঠে বিদ্ধ হয়। চিৎকার শুনে এলাকাবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ওই হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ আলী বলেন, গভীর রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে বীরেন্দ্রনাথকে ভর্তির সময় কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। জুনিয়র চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার করা চিকিৎসকেরা তাঁর শরীরে কোনো গুলি ছিল না বলে মোহাম্মাদ আলীকে জানান।
গতকাল বেলা তিনটায় বীরেন্দ্রনাথের পরিবারের একজন সদস্য মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, সঠিকভাবে অস্ত্রোপচার করতে না পারার কারণে ওই হাসপাতালের চিকিৎসকেরা কোনো গুলি পাননি। গতকাল বেলা আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে বীরেন্দ্রনাথের শরীর থেকে একটি গুলি বের করেন।
বীরেন্দ্রনাথ গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, ঘটনার পর থেকে জড়িত ব্যক্তিদের সন্ধানে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। বীরেন্দ্রনাথ কিছুটা সুস্থ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে ওসি জানান।