চিরিরবন্দরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অমরপুর ইউনিয়নে গত শুক্রবার গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর পরিবারের সদস্যরা এক যুবককে (৩০) আটক করেন। পরে ওই যুবকের পরিবারের সদস্যরা তাঁদের (গৃহবধূর পরিবারের সদস্য) মারধর করে তাঁকে (যুবক) ছাড়িয়ে নিয়ে যান। আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। তখন ওই যুবক তাঁর বাড়িতে যান। গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁরা ওই যুবককে শিকল দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে গৃহবধূর স্বামী ও ছেলে বাড়িতে আসেন। তাঁরা বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতে কাজ করছিলেন। এ ঘটনার ঘণ্টা খানেক পর ওই যুবকের পরিবারের সদস্যরা ওই বাড়িতে হামলা চালান। তাঁরা গৃহবধূ, তাঁর স্বামী ও ছেলেকে বেধড়ক পিটিয়ে আহত করেন। ঘরের দরজা ভেঙে ওই যুবককে বের করে নিয়ে যান। পরে আহত গৃহবধূকে প্রথমে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে গৃহবধূর স্বামী গতকাল শনিবার সন্ধ্যায় বলেন, তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা হয়েছে।
ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবকের পরিবারের সদস্যরা। তাঁরা বলেন, তাঁদের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে তাঁরা নাটক সাজিয়েছেন। তবে জমিসংক্রান্ত কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন গৃহবধূর স্বামী।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নির্যাতনের শিকার গৃহবধূকে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে ওই পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয়েছিল। তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’