চিরিরবন্দরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় গত সোমবার রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শ্যামলী হেমব্রম (২০) নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী জনি মার্ডী (২৫) গতকাল মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জনি মার্ডী বলেন, তাঁরা উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দুর্গাডাঙ্গা (আদিবাসী) পাড়ায় বসবাস করেন। তাঁদের জিসান মার্ডী নামে তিন বছরের একটি ছেলে রয়েছে। গত সোমবার বিকেলে তিনি পাশের পার্বতীপুর উপজেলার আমবাড়ী (রাধা নগর) গ্রামে বিয়ের দাওয়াতে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। গতকাল সকাল আটটার দিকে তাঁর (জনি মার্ডী) ভগ্নিপতি মুঠোফোনে তাঁকে জানান, স্ত্রী শ্যামলী হেমব্রম মারা গেছেন। খবর পেয়ে তিনি বাড়িতে আসেন। পরে গতকাল দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
শ্যামলীর শাশুড়ি কল্পনা মার্ডী বলেন, জনি মার্ডীর বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে তিনি থাকেন। গতকাল সকালে জিসান কান্নাকাটি করতে থাকে। পরে প্রতিবেশীরা এসে শ্যামলীর লাশ গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনিসহ প্রতিবেশীরা তাঁর লাশ নামান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাম পুলিশ বলেন, দুর্গাপুর বাজারে প্রতি রাতে মাদকের আসর বসে। গত সোমবার রাতে একদল মাদকসেবী ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলে তাঁর কাছে তথ্য রয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ গতকাল রাত পৌনে আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশের গলায় ও বুকের বাঁ পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁকে ধর্ষণের আলমতও পাওয়া গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি ধর্ষণ, হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। জনির অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। যোগাযোগের সমস্যার কারণে লাশ গতকাল রাতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (আজ) ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।