চিরিরবন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী সারজিনা বেগমকে (২৪) নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবদুলপুর ইউনিয়নের দক্ষিণসুকদেবপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, সাড়ে পাঁচ বছর আগে সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সারজিনার সঙ্গে দক্ষিণসুকদেবপুর গ্রামের সাইফুলের বিয়ে হয়।
সারজিনার মা সাবিয়া বেগম বলেন, বিয়ের পর থেকে সাইফুল প্রায়ই সারজিনাকে মারধর করতেন। মঙ্গলবার বিকেলে সারজিনা মুঠোফোনে তাঁকে (সাবিয়া) বলেন, বিকেল সাড়ে চারটার দিকে সাইফুল ভাত খেতে চান। সারজিনা ভাত দেওয়ার পর গৃহস্থালি কাজে ব্যস্ত হয়ে পড়ায় পানি দিতে ভুলে যান। এতে ক্ষিপ্ত হয়ে সারজিনাকে প্রচণ্ড মারধর করেন সাইফুল। পরে সাইফুল সন্ধ্যায় তাঁকে মুঠোফোনে বলেন, সারজিনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সাবিয়ার অভিযোগ, তাঁর মেয়েকে সাইফুল ও তাঁর পরিবারের লোকজন হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সারজিনার কয়েকজন প্রতিবেশী বলেন, প্রথমবার মারধর করার পর সাইফুল বাড়ি থেকে বেরিয়ে যান। প্রায় ১৫ মিনিট পর সাইফুল পুনরায় বাড়িতে আসার পর তাঁদের একমাত্র মেয়ে সুমির (৪) চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা সাইফুলের বাড়িতে গিয়ে দেখতে পান, ঘরের বারান্দায় সারজিনার লাশ নিয়ে শাশুড়ি ও সুমি কান্নাকাটি করছেন। তাঁরা প্রতিবেশীদের বলেন, সারজিনা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে বাড়িতে পুলিশ আসার আগেই সাইফুল তাঁর বাবা, মা ও সুমিকে নিয়ে পালিয়ে যান।
চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলাল হোসেন বলেন, তিনি সাইফুলদের বাড়িতে গিয়ে সারজিনার লাশ ঘরের বারান্দায় পেয়েছেন। ওই সময় বাড়িতে সাইফুল, তাঁর বাবা, মা ও মেয়েকে পাওয়া যায়নি।