চিরিরবন্দরে হোমিও চিকিৎসক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে বীরেন্দ্র নাথ রায় (৬৪) নামের এক হোমিও চিকিৎসক দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বীরেন্দ্র নাথ রায় এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বীরেন্দ্র নাথের বাড়ি জেলার চিরিরবন্দরের নশরৎপুর ইউনিয়নের রানীপুর গ্রামে। হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে উপজেলার রানীরবন্দর বাজারে তাঁর চেম্বার রয়েছে। হোমিও চিকিৎসার পাশাপাশি তিনি অ্যালোপ্যাথিক ওষুধও বিক্রি করেন।
পুলিশের ভাষ্য, বীরেন্দ্র নাথ চেম্বার বন্ধ করে প্রতিদিনের মতো গতকাল রাতেও সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি এলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাঁরা দুজন ছিলেন। গুলিটি বীরেন্দ্র নাথের পিঠে বিদ্ধ হয়। চিৎকার শুনে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ভোরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ আলী জানান, রাতেই বীরেন্দ্র নাথের শরীরে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ভোরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান প্রথম আলোর কাছে দাবি করেন, দিনাজপুর মেডিকেল কলেজ চিকিৎসকেরা তাঁর শরীরে কোন বুলেট পাননি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন বীরেন্দ্র নাথের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।