দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তুলশিপুর গ্রামে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে একজন নিহত ও পুলিশসহ ১০ জন আহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে মামলা হয়েছে। চিরিরবন্দর থানায় পুলিশের করা ওই মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিরিরবন্দর থানায় উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেন। ওসি বলেন, শুক্রবার বিকেলে তুলশীপুর গ্রামে হবিবর রহমান (৫০) নামের এক আসামিকে ধরতে গিয়ে তাঁর পরিবারের সদস্য ও কিছু গ্রামবাসী একযোগে পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশ গুলি চালালে হবিবর রহমানের ছেলে রেজওয়ান হোসেন (২১) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন তুলশিপুর গ্রামের ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে প্রথম আলোকে বলেন, শনিবার ময়নাতদন্ত শেষে রেজওয়ানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।