প্রতি রাতের মতো স্বামীর ফেরার অপেক্ষায় ছিলেন কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকার বাসিন্দা মাহফুজা বেগম। রাত দুইটার দিকে বাসার বাইরে স্বামীর চিৎকার শোনেন তিনি। দরজা খুলতে গিয়ে দেখেন বাইরে থেকে আটকানো। পরে আশপাশের লোকজনের সহায়তায় বের হয়ে স্বামীকে আর বাসার সামনে দেখতে পাননি। এর দুই ঘণ্টা পর বাসার পেছনের খালের পাড় থেকে উদ্ধার হয় স্বামী মোহাম্মদ আলমগীরের লাশ।
গতকাল রোববার ভোররাত চারটার দিকে নগরের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকার নজির মুন্সীর বাড়ি-সংলগ্ন খালের পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর দুই ঘণ্টা আগে তাঁকে বাসার সামনে থেকে তুলে নেওয়া হয়। নিহত আলমগীর বাসার পাশে একটি কলোনিতে তত্ত্বাবধায়কের কাজ করতেন। পারিবারিক বিরোধের জেরে তাঁকে শ্বাস রোধ করে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
নিহতের স্ত্রীর বড় ভাই মো. সেলিম গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে প্রথম আলোকে বলেন, তাঁর ভগ্নিপতি আলমগীর প্রতিদিন ওই কলোনিতে রাতের বেলায় পানি তোলাসহ নানা কাজ সেরে রাত দেড়টা থেকে দুইটার মধ্যে বাসায় ফিরতেন। শনিবার দিনগত রাত দুইটার দিকে তাঁর বোন বাসার বাইরে স্বামীর চিৎকার শুনতে পান। পরে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করে স্বামীকে না পেয়ে কর্ণফুলী থানায় যান মাহফুজা। রাত চারটার দিকে থানা থেকে এসে পুলিশসহ বাসার পেছনে খালের পাড়ে আলমগীরের লাশটি দেখতে পান।
নিহতের স্ত্রী মাহফুজা বেগম দাবি করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁর স্বামীর ছোট ভাই তুলে নিয়ে খুন করেছেন। এই ঘটনায় তিনি বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের কানের পেছনে ক্ষত এবং গলায় দাগ দেখা গেছে। আলমগীরকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।