চুক্তি করলেও চাল দিচ্ছেন না চালকলের মালিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে সরকারের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে খোলাবাজারের চেয়ে মোটা চালের দাম ৮-৯ টাকা করে কম দিচ্ছে সরকার। এ অবস্থায় চাল সংগ্রহ কার্যক্রমে চুক্তিবদ্ধ হলেও সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহে আগ্রহ পাচ্ছেন না রংপুরের চালকলমালিকেরা।

সরকার চলতি বছর প্রতি কেজি মোটা চালের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে ৩৪ টাকা। আর বর্তমানে রংপুরের পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৪ টাকায়। চালকলমালিকদের ভাষ্য, সরকার-নির্ধারিত মূল্যের চেয়ে খোলা ও পাইকারি বাজারমূল্য কমে এলে তাঁদের পক্ষে সরকারি খাদ্যগুদামে চাল দেওয়া সম্ভব হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, চলতি বোরো চাল সংগ্রহ অভিযানে রংপুরের আট উপজেলায় ১৭ হাজার ৬৪৮ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ২ মে থেকে গতকাল বুধবার শেষ দিন পর্যন্ত জেলায় ২২০ জন চালকলমালিক ৪ হাজার ৯০৫ টন চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এটা লক্ষ্যমাত্রার চার ভাগের এক ভাগ। বারবার তাগাদা দেওয়ার পরও চুক্তিবদ্ধ চালকলমালিকেরা আর চাল সরবরাহ করেত সম্মত হননি। এখন খোলাবাজারে মোটা চাল ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হওয়ায় চালকলমালিকদের সরকারি গুদামে চাল সরবরাহে তেমন আগ্রহ নেই বলে খাদ্য বিভাগের এক কর্মকর্তা জানান।

রংপুরের চালকলমালিক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বর্তমান চালের উৎপাদন খরচই পড়ছে ৪০-৪১ টাকা। আর সরকারি দর ৩৪ টাকা। তাহলে কীভাবে চাল দেওয়া সম্ভব?

চুক্তিবদ্ধ হওয়ার পর সরকারি খাদ্যগুদামে চাল দিতে অস্বীকার করেছেন এমন একজন চালকলমালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘৩০ টন চাল সরবরাহের চুক্তি করেছি। কিন্তু এই চাল সরবরাহ করলে ২ থেকে ৩ লাখ টাকা লোকসান গুনতে হবে। অথচ খোলাবাজারে চাল বিক্রি করলে ভালো মুনাফা পাওয়া যাচ্ছে।’

রংপুর সদর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সামছুল আলম বলেন, ‘আমি এবার ৫০ টন চাল সরবরাহের জন্য চুক্তি করেছি। কিন্তু এই চাল দেওয়া সম্ভব হচ্ছে না। কেননা ব্যবসা করছি কিছুটা লাভের আশায়।’ তিনি আরও বলেন, বাজারমূল্য কমে এলে তবেই চাল দেওয়া সম্ভব হবে।

রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক শাহজাহান ভূঁইয়া বলেন, আজ (গতকাল বুধবার) চালকল মালিকদের সঙ্গে চাল সরবরাহের চুক্তির শেষ দিন ছিল। জেলায় ২২০ জন চালকলমালিকের সঙ্গে ৪ হাজার ৯০৫ টন চাল সরবরাহের চুক্তি হয়েছে। ১ মে থেকে শুরু হওয়া সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে। তবে এখনো কোনো চালকলমালিক চাল সরবরাহ করেননি।