চুক্তি ভঙ্গের অভিযোগে ওয়াসার ১১ শ্রমিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি ভঙ্গ করে সড়কের এক পাশ কেটে পানির পাইপলাইন নেওয়ার অভিযোগে চট্টগ্রাম ওয়াসার ১১ শ্রমিককে আটক করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা থেকে তাঁদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সম্প্রসারিত চার লেনের উপপ্রকল্প ব্যবস্থাপক আ ফ মো. শামছুদ্দোহা মহাসড়কের পাশ ও অংশ বিশেষ কাটার অভিযোগে সীতাকুণ্ড থানায় অভিযোগ করেন। এতে উল্লেখ করা হয়, ওয়াসা ও সওজের চুক্তির শর্ত ভঙ্গ করে কাজ করছে ওয়াসা। চুক্তি অনুযায়ী সওজ অধিদপ্তরের অনুমোদিত নকশা মোতাবেক পাইপলাইন স্থাপন করতে হবে। মহাসড়কের পাকা অংশ কেটে কোনো অবস্থাতেই পানির পাইপলাইন স্থাপন করা যাবে না।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারী পর্যন্ত ওয়াসার পানির সরবরাহের পাইপ বসানোর কাজ চলছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়াসার ‘চট্টগ্রাম নগরের পানি সরবরাহ উন্নীতকরণ ও স্যানিটেশন’ প্রকল্পের আওতায় এ পাইপলাইন বসানো হচ্ছে।
সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, পাইপলাইনটি উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কা রাস্তার মাথায় কিচেন মার্কেটের ভেতর দিয়ে নেওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার রাতে ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরোর লোকজন গোপনে বিভিন্ন যন্ত্র দিয়ে শর্ত ভঙ্গ করে কাজ করতে শুরু করে। বাধা দিলেও তারা শোনেনি। পরে বিষয়টি পুলিশকে জানান তাঁরা।
তবে ওয়াসা কর্তৃপক্ষ বলছে, পাইপলাইন বসানোর কাজ করতে গিয়ে নিরুপায় হয়ে রাস্তার একটা অংশ কাটতে বাধ্য হয়েছে তারা।
ওয়ার প্রকল্পটির উপপরিচালক মো. আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৪ কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে। এর মধ্যে পাকা রাস্তার পাশ দিয়ে মাটি কেটে ১৭ কিলোমিটার কাজ শেষ করা হয়েছে। কিন্তু পাক্কা রাস্তার মাথায় ৪০০ মিটার অংশে রাস্তার পাশে কোনো খালি জায়গা ছিল না। দোকানপাট উচ্ছেদ করে তো পাইপলাইন বসানো সম্ভব না। সওজ চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক অনুমতিতে ওই অংশটুকু কাটার চেষ্টা করা হয়েছে। পরে ওয়াসা রাস্তাটি মেরামত করে দিত।
আরিফুল ইসলাম বলেন, সওজের নির্বাহী প্রকৌশলী ১১ শ্রমিককে ছেড়ে দেওয়ার জন্য মুচলেকা দাবি করছেন। কিন্তু এক সরকারি প্রতিষ্ঠান অন্য সরকারি প্রতিষ্ঠানকে মুচলেকা দেওয়ার সুযোগ নেই। শ্রমিকদের ছাড়িয়ে আনার জন্য আলাপ-আলোচনা চলছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্রাফিক) উপপরিদর্শক (টিএসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওয়াসার ১১ শ্রমিককে আটক করা হয়েছে। তাঁদের ফাঁড়িতে রাখা হয়েছে।