চুক্তি শেষ না হতেই ভাড়াটেকে উচ্ছেদ!
চুক্তির মেয়াদ শেষ না হতেই চট্টগ্রামের আনোয়ারায় বিনা নোটিশে দোকানের ভাড়াটেকে উচ্ছেদচেষ্টার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভাড়াটে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আনোয়ারার বটতলী রুস্তমহাটের মো. শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি ২০০৬ সালে স্থানীয় মমতাজ উদ্দিনের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে মুদির দোকান দেন।
ভাড়াটে জানান, দেড় শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ২০ বছর মেয়াদি চুক্তিও করে উভয় পক্ষ। কিন্তু মমতাজ উদ্দিন মারা
গেলে তাঁর ছেলেরা শাহাবুদ্দিনকে দোকান ছেড়ে দিতে বলেন। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে তাঁরা ওই দোকানের সামনে নির্মাণকাজের জন্য ইট-বালু জমা করেন। এ সময় উভয় পক্ষের বাগ্বিতণ্ডা হয়।
পরে ভাড়াটে মুদির দোকানদার শাহাবুদ্দিন মালিক পক্ষের মো. ইমরানসহ চারজনের নাম উল্লেখ করে ১৫-২০ জনের নামে আনোয়ারা থানায় অভিযোগ করেন।
মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে জানান, ২০ বছর মেয়াদি চুক্তি করেই দোকানটি ভাড়া নেন তিনি। কিন্তু এখন তাঁকে উচ্ছেদ করা
হচ্ছে।
এ ব্যাপারে দোকানের মালিক পক্ষের মো. ইকবাল (২৫) মুঠোফোনে জানান, মার্কেট বড় করার কারণে আগামী এক সপ্তাহের মধ্যে দোকান ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। অন্য ভাড়াটেদেরও তা বলা হয়েছে।
ভাড়াটের সঙ্গে চুক্তির বিষয়ে মো. ইকবাল বলেন, ‘আমার বাবার সঙ্গে কারও কোনো ধরনের চুক্তি হয়নি, এসব ভুয়া।’
অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মকসুদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে।