চুনতি অভয়ারণ্যে দুর্বৃত্তদের হামলায় ৬ বনকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় চুনতি অভয়ারণ্যে গতকাল বুধবার দুর্বৃত্তদের হামলায় ছয় বনকর্মী আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম সরকার, আজিজনগর বিট কর্মকর্তা আবদুর রউফ, চুনতি বিট কর্মকর্তা আবদুল মতিন এবং বনপ্রহরী শাহজাহান মিয়া, আবদুর রশিদ ও ফোরকান মিয়া।
স্থানীয় ও বন বিভাগ সূত্র জানায়, বনকর্মীদের বাধা উপেক্ষা করে স্থানীয় এক ব্যক্তি চকরিয়ার উত্তর হারবাং ফিলিং স্টেশন-সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে দোকানঘর তৈরি করেন। গতকাল বন বিভাগের কর্মকর্তারা ওই দোকানঘর ভাঙতে গেলে ওই ব্যক্তির নেতৃত্বে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে বন বিভাগের কর্মকর্তা ও বনপ্রহরীদের ওপর হামলা চালান। এ সময় বনপ্রহরীরা আত্মরক্ষার্থে আটটি গুলি ছোড়েন। একপর্যায়ে হামলাকারীরা একটি রাইফেলসহ একজন বনপ্রহরীকে ধরে নিয়ে যায়। ঘটনার তিন-চার ঘণ্টা পর রাইফেল ও বনপ্রহরীকে ফেরত দেওয়া হয়।
চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম সরকার জানান, আহত ব্যক্তিরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। চুনতি অভয়ারণ্যের সহকারী বন সংরক্ষক আবদুর রহমান জানান, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।