চুনারুঘাটে মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ সদস্য আহত, আটক ৬
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাদক জব্দ করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার দেউন্দি চা–বাগানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল মিয়া। তাঁদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতেই পুলিশ ছয়জনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ আটক ব্যক্তিদের পরিচয় জানায়নি।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল মাদক কারবারিদের ধরতে উপজেলার দেউন্দি চা–বাগানে যান। এ সময় ১০ থেকে ১৫ জন মাদক কারবারি লাঠিসোটা নিয়ে অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়। এতে তরিকুল ইসলাম ও জুয়েল মিয়া আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে চুনারুঘাট থানা–পুলিশ হামলাকারীদের ধরতে চা–বাগানে অভিযান চালায়। এ সময় হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশ।
জানতে চাইলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কনস্টেবল জুয়েল মিয়ার অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।