চুনারুঘাটে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গত রোববার এক সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাহিন মিয়া নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দৈনিক যায়যায়দিন-এর স্থানীয় প্রতিনিধি জামাল হোসেন রোববার রাত ১২টার দিকে চুনারুঘাট বাজার থেকে পাকুরায় তাঁর বাড়ি ফিরছিলেন। উত্তর বাজারের একটি উচ্চবিদ্যালয়ের কাছে পৌঁছালে উপজেলা গুচ্ছগ্রামের শাহিন মিয়ার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে শাহিন ধরা পড়েন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

গতকাল সোমবার জামাল হোসেন বলেন, সম্প্রতি মাদক চোরাচালান নিয়ে তাঁর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর জের ধরে তাঁর ওপর এই হামলা করা হয়েছে। হামলায় তাঁর বাঁ হাত ভেঙে গেছে। চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখনো তিনি লিখিত অভিযোগ পাননি।