চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে এবং চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ও পিটুনিতে দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে আবদুর রহমান সেন্টু (৩৩) বাংলাদেশি নাগরিক এবং আরেকজন মো. রুহুল আমিন (৪৫) ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ সদরের জোহরপুর সীমান্তে বিএসএফের পিটুনিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার পর আবদুর রহমান নিহত হন। ভারতীয় সীমান্তের পাঁচ থেকে ছয় কিলোমিটার ভেতরে তিনি পিটুনিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহযোগীরা। তিনি জোহরপুর বেলপাড়ার শীশ মোহাম্মদের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৯-এর অধিনায়ক লে. কর্নেল আহমেদ জোনায়েদ আলম খান বলেন, গত বৃহস্পতিবার রাতে সহযোগীদের নিয়ে গরু আনতে ভারতে অনুপ্রবেশ করেন আবদুর রহমান। তখন বিএসএফের হাতে ধরা পড়লে পিটুনিতে তিনি নিহত হন। পরে তাঁর সহযোগীরা লাশ বাংলাদেশে নিয়ে আসে।
জোনায়েদ আলম খান বলেন, এই ঘটনায় বিএসএফের কাছে মুঠোফোনে ও লিখিতভাবে প্রতিবাদ পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে তারা কিছু জানে না।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আবদুর রহমানের শরীরে নির্যাতন ও ধারালো কিছু দিয়ে খোঁচানোর চিহ্ন রয়েছে।
এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় সীমান্তের ৯১ নম্বর প্রধান খুঁটির বিপরীতে ভারতীয় অংশে নিহত হন রুহুল আমিন। তিনি ভারতের নদীয়া জেলার চাপড়া থানার বড়ইগাতি গ্রামের বাসিন্দা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
এর আগে শুক্রবার সকালে চুয়াডাঙ্গার বিজিবি-৬-এর পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, সীমান্তের দুই দিকে দুই নারী রুহুল আমিনকে তাঁদের স্বামী দাবি করেছেন। ভারতের নদীয়া জেলার চাপড়া থানার বড়ইগাতি গ্রামের আছিয়া বিএসএফের কাছে রুহুল আমিনকে তাঁর স্বামী দাবি করেন। পরে বিএসএফ ময়নাতদন্তের পর লাশ স্ত্রী আছিয়া ও দুই ভাই পরিচয়দানকারী আজিবুল মণ্ডল ও রবিউল মণ্ডলের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বিএসএফ জানিয়েছে যে রুহুল আমিন সে দেশের দাগি আসামি। ডাকাতি করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন।