চুয়াডাঙ্গা সদর উপজেলার মোর্তুজাপুর থেকে অপহৃত স্কুলছাত্র সাগর হোসেনকে (১৪) আলমডাঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করে গোয়েন্দা ও থানার পুলিশ। সোমবার সাগর অপহৃত হয়েছিল।
অপহরণে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের আসাদুল হক (৩৫) ও ডালিম হোসেনের স্ত্রী আয়েশা খাতুন (২৫) এবং সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোর্তুজাপুরের আবদুর রহমানের ছেলে শিমুল হোসেন (২০)।
সাগরের বাবা আনোয়ার হোসেন বলেন, নবম শ্রেণিতে পড়ুয়া তাঁর ছেলে সোমবার স্থানীয় সরোজগঞ্জ বাজারে গিয়ে নিখোঁজ হয়। পরদিন মঙ্গলবার সাগরের মুঠোফোন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি অপহরণের কথা জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিক সিন্দুরিয়া পুলিশ ফাঁড়িকে জানানো হয়। সাগরের চাচা আবদুর রাজ্জাক বুধবার সদর থানায় একটি অপহরণ মামলা করেন।
পুলিশ জানায়, সাগরকে উদ্ধারে এএসপি মো. কামরুজ্জামানের নেতৃত্বে জেলা গোয়েন্দা, সদর ও আলমডাঙ্গা থানার পুলিশ বুধবার দিনব্যাপী অভিযান চালায়। তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে প্রথমে মোর্তুজাপুরের শিমুলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আলমডাঙ্গার কেদারনগর থেকে আসাদুল ও আয়েশাকে গ্রেপ্তার করা হয়। পরে কেদারনগরের একটি বাড়ি থেকে সাগরকে উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সাগরকে আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় এবং অপহরণকারীদের কারাগারে পাঠানো হয়।
এএসপি কামরুজ্জামান বলেন, অপহরণকারী চক্রের মূল হোতা ডালিমকে ধরতে অভিযান চলছে।