চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ীর নাম মশিয়ার রহমান (৪০)। তিনি জীবননগরের সীমান্ত ইউনিয়নের হরিহরনগরের আবদুর রশিদ বিশ্বাসের ছেলে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান জানান, গতকাল বিকেল চারটার দিকে হরিহরনগরের আবদুর রশিদ বিশ্বাসের ছেলে মশিয়ার রহমানসহ ছয়-সাতজন গরু ব্যবসায়ী সীমান্তের ৬৪/৯ নম্বর খুঁটির কাছ দিয়ে ভারতে যান। এ সময় ১৭৩ বিএসএফ পুটিখালী ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান মশিয়ার। অন্য ব্যবসায়ীরা পালিয়ে আসতে সক্ষম হন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান ওই গরু ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ সূত্রে জানা গেছে, মশিয়ার রহমানের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কাছে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র আরও জানায়, বিএসএফের গুলিতে ব্যবসায়ী মশিয়ার রহমান নিহত হওয়ার ঘটনায় আজ শুক্রবার দুই বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।