চুয়াডাঙ্গায় ছয় টন 'অবৈধ' সিসা আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা থেকে বিপুল পরিমাণ সিসা আটক করেছে বিজিবি। আটক করা সিসার পরিমাণ ৫ হাজার ৮৬৭ কেজি। আজ শনিবার ভোর পাঁচটার দিকে আলমডাঙ্গার গোবিন্দপুরে উত্তরা ফিলিং স্টেশন থেকে সিসাভর্তি ট্রাকটি আটক করা হয় ।
বিজিবি সূত্র জানায়, যশোর ও চুয়াডাঙ্গা বিজিবির একটি যৌথ দল সিসাভর্তি ট্রাকটি আটক করে। তবে ট্রাকটির চালক পালিয়ে গেছেন।
আটক করা ট্রাকের নম্বর ও কাগজপত্র সবই ভুয়া। বিজিবি কর্মকর্তাদের দাবি, এই সিসা আগ্নেয়াস্ত্রের গুলি তৈরির কাজে ব্যবহার হয়। আবার সেকেন্ডারি ব্যাটারির লিড (নিষিদ্ধঘোষিত) তৈরির কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়। আটক করা সিসার দাম প্রায় ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। জব্দ ট্রাকটি সিসাসহ আজ শনিবার দুপুরে দর্শনা শুল্ক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান বলেন, ফিলিং স্টেশনের কর্মচারীরা তাঁদের জানিয়েছেন, ট্রাকটি শুক্রবার রাতে ওই ফিলিং স্টেশনে আসে। এরপর রাতে ট্রাক থেকে সিসা নামিয়ে আলমসাধুতে (শ্যালো ইঞ্জিনচালিত বাহন) করে বাইরে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, সিসার চালানটি সীমান্ত পথে ভারতে পাচারের জন্য আনা হয়েছিল।