চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। ছবি: ফাইল ছবি
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। ছবি: ফাইল ছবি

চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা হামলার মামলায় জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের বুজরুকগড়গড়ি এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর অহিদুলকে সদর থানায় রাখা হলেও তাঁর সঙ্গে সাংবাদিকদের দেখা করতে ও কথা বলতে দেওয়া হয়নি। আজ বেলা ১১টায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে তাঁর সর্বশেষ রাজনৈতিক অবস্থান তুলে ধরার কথা ছিল। এর ১০ মিনিট আগেই তিনি গ্রেপ্তার হন।
অহিদুলকে গ্রেপ্তারের পর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সারা শহরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। র‌্যাবের টহলও জোরদার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, ২০ জানুয়ারি রাতে শহরের কোর্টপাড়া ১ নম্বর পানির ট্যাংকের কাছে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। বোমার আঘাতে পুলিশ সদস্য জিন্নাত আলীর ডান হাত ও পিঠ ঝলসে যায়। তাঁর শরীর থেকে সদর হাসপাতালের চিকিৎসকেরা বোমার তিনটি স্প্লিন্টার বের করেন। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অহিদুলসহ এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মো. রশীদুল হাসান জানান, বোমা হামলার ওই ঘটনার পর থেকে অহিদুলকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। বোমা হামলার ঘটনা ছাড়াও বিভিন্ন নাশকতা চালাতে দলীয় লোকজনকে তিনি সংগঠিত করছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।