চুয়াডাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম আশরাফ হোসেন (৪৭)। তিনি হোসেনপুর গ্রামের মধ্যপাড়ার ইয়াতেশ হোসেনের ছেলে।
সংঘর্ষে আহত লিটন হোসেন (২৮) বলেন, দেড় মাস আগে দুস্থ গোষ্ঠীর উন্নয়ন সহায়তার (ভিজিডি) কার্ড ভাগাভাগি নিয়ে গ্রামের যুবলীগের কর্মী রেজাউল হোসেন ও আওয়ামী লীগের আশরাফ হোসেন পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর থেকে আশরাফ ও তাঁর অনুসারীরা পলাতক ছিলেন। গত বুধবার রাতে তাঁরা গ্রামের মধ্যপাড়ায় নিজ বাড়িঘরে ফেরেন। এ খবরে গতকাল সকাল সাড়ে আটটার দিকে রেজাউল ও তাঁর অনুসারীরা দলবেঁধে মধ্যপাড়ায় গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই আশরাফ নিহত হন।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবির বলেন, নিহত ব্যক্তি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ছিলেন। আর আহত ব্যক্তিরা সবাই যুবলীগের স্থানীয় নেতা-কর্মী।
আলমডাঙ্গা থানার ওসি মামুন উর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বিপ্লব (২৫) নামের এক তরুণকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।