চুয়াডাঙ্গায় দুজনকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় একদল যুবক সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) পণ্যবাহী মাইক্রোবাস ভাঙচুর এবং চালক ও বিক্রয় প্রতিনিধিকে মারধর করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহর পুলিশ ফাঁড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। পরিবহনশ্রমিকেরা জানান, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।
এ ঘটনায় পরিবহনশ্রমিকেরা তাৎক্ষণিক শহরের একাডেমি মোড়ে প্রধান সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে প্রতিবাদ জানান। তবে পুলিশ কর্মকর্তারা অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শ্রমিকনেতারা অবরোধ তুলে নেন। শ্রমিকনেতারা ঘোষণা দেন, হামলাকারীদের শুক্রবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে সব পথে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন মাইক্রোবাসচালক মারুফ শেখ জানান, গতকাল দুপুরে শহরের রেলবাজার পুলিশ ফাঁড়ির সামনে যাত্রীবাহী একটি আলমসাধুকে পাশ কাটিয়ে মাইক্রোবাস নিয়ে এগিয়ে যান। এরপর আলমসাধুটি দ্রুতগতিতে এগিয়ে সামনে পথ আটকে দাঁড়ায় এবং আলমসাধুতে বসে থাকা খালিদ, রোকন ও হাসান নামে তিন যুবক লোহার রড দিয়ে তাঁকে (চালককে) পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় থামাতে গেলে এসএমসির বিক্রয় প্রতিনিধি জিয়াউর রহমানকেও (২৬) মারধর করা হয়।
এদিকে মাইক্রোবাস ভাঙচুর ও চালককে মারধরের খবর ছড়িয়ে পড়লে পরিবহনশ্রমিকেরা শহরের একাডেমি মোড়ে এলোপাতাড়ি যানবাহন রেখে অবরোধ সৃষ্টি করেন। পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিকেল সোয়া চারটায় অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন টিটু জানান, খালিদ তাঁদের দলীয় কর্মী। মাইক্রোবাসচালকের সঙ্গে গোলযোগের বিষয়টি অরাজনৈতিক। এর দায় ছাত্রলীগ নেবে না।