চুয়াডাঙ্গায় পাচারে সক্রিয় ৩১ দালাল

চুয়াডাঙ্গা থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে সক্রিয় রয়েছে অন্তত ৩১ জন দালাল। এদের মধ্যে পাঁচজন মালয়েশিয়ায়, ২৪ জন চুয়াডাঙ্গায় এবং দুজন জেলার বাইরে সক্রিয়। প্রথম আলোর অনুসন্ধান এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশের তদন্তে এই ৩১ জনের পরিচয় মিলেছে।
আর্থিক অনটন ও ভয়ে অনেক ভুক্তভোগীর পরিবার আইনি লড়াইয়ে আগ্রহ দেখাচ্ছে না। এতে মানব পাচারে জড়িত লোকেরা পার পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যেমন পাচারকারীদের কবল থেকে প্রাণে বেঁচে ফেরা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের যুবক তরিকুলের বাবা আলম মণ্ডল বলেন, ‘মামলা করতি অনেক ট্যাকা লাগবে, গরিপ মানুষ কুনু ঝামিলাই জড়াতি চাচ্চিনে।’ সড়াবাড়িয়া গ্রামের নিখোঁজ হারুনের বড় ভাই জাহাঙ্গীর হোসেনও বললেন, ‘মামলা মানে উটকো ঝামিলা। শুদো ট্যাকা-পয়সা খরজ। আমাগের ঠিকমতো খাবারই জোটে না। মামলা চালাব কী দিয়ে? আপনাগের সুযোগ থাকলি গরিপ মানুষির জন্যি এট্টা কিছু কইরেন।’ আর মামলা না করতে হুমকি পাওয়ার অভিযোগ করলেন মোমিনপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের নিখোঁজ যুবক হুসাইনের মা জায়েদা খাতুন। তাঁর অভিযোগ ইউপি সদস্য আজিজুল হকের বিরুদ্ধে।
অবশ্য চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রশীদুল হাসান বলেন, ‘বেশির ভাগ ভুক্তভোগী পরিবার মানব পাচারকারী ও দালালদের সঙ্গে আপস শুরু করেছে বলে খবর আছে। এরপরও ক্ষতিগ্রস্ত পরিবারকে উদ্বুদ্ধ করে এ পর্যন্ত সাতটি মামলা করানো হয়েছে। এজাহারভুক্ত তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানোর পাশাপাশি আরও যারা জড়িত, তাদের বিষয়ে অনুসন্ধান চলছে।’
গত এক সপ্তাহের বেশি সময় এই প্রতিবেদক সরেজমিনে অনুসন্ধান করেন। এ সময় সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নিখোঁজ ব্যক্তিদের পরিবার ও মুক্তিপণ পরিশোধসহ দীর্ঘ দুর্ভোগের পর দেশে ফেরা এক যুবকের সঙ্গে কথা বলে ১৩ জন দালালের পরিচয় পাওয়া গেছে। তারা হলো: খাড়াগোদার সাদেক আলী ও জামির হোসেন, গবরগাড়ার খয়রাতি বাচ্চু এবং তার ছেলে সেকেন্দার আলী ও আলমগীর হোসেন (মালয়েশিয়াপ্রবাসী), সড়াবাড়িয়া গ্রামের লিটন হোসেন (মালয়েশিয়াপ্রবাসী), বেগমপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের সিরাজুল ইসলাম (মালয়েশিয়াপ্রবাসী), কোটালীর আবদুল গনি, নবীননগরের শহীদুল ইসলাম ব্যাপারী (মালয়েশিয়াপ্রবাসী), সরোজগঞ্জ বাজারের সরোয়ার, মোমিনপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের ইউপি সদস্য আজিজুল হক ও তার পুত্রবধূ সফুরা খাতুন এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালীর আশাবুল হক। এদের মধ্যে সাদেক, জামির, আজিজুল হক ও সফুরার নাম পুলিশ ও গোয়েন্দা সংস্থার তালিকায়ও রয়েছে।
এ ছাড়া গোয়েন্দা সংস্থা ও পুলিশের তালিকায় আরও ১৮ জনের নাম রয়েছে। তারা হলো: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুরের আরিফ হোসেন, পার আলমডাঙ্গার জামান আলী, লক্ষ্মীপুরের মিনারুল ইসলাম, দুর্গাপুরের খায়রুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়নের হাট বোয়ালিয়ার আকতার হোসেন, আকিম উদ্দিন ও ওসমান আলী, ভাংবাড়িয়ার সভা মোল্লা ও খলিলুর রহমান, বারাদী ইউনিয়নের এনায়েতপুর মাঝেরপাড়ার আবদুল হান্নান, পশ্চিম পাড়ার খোদা বকস ও মসলেম আলী, বারাদী গ্রামের জিয়াউর রহমান (মালয়েশিয়াপ্রবাসী) ও স্বপন হোসেন, জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জের মনোয়ার হোসেন, বেলগাছি ইউনিয়নের খেজুরতলার তোতা মিয়া, মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের হেমায়েতপুরের মো. জাহিদ ও চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জের আমিরুল ইসলাম।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন গত শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, মানব পাচার প্রতিরোধে প্রশাসনের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ‘ওয়াচডগ’ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা মানব পাচারে জড়িত লোকদের আইনের আওতায় আনতে সহযোগিতা করবেন। বিভিন্ন সভা-সমাবেশ ও সেমিনারে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত¯তালিকাভুক্ত মানব পাচারকারী ও তাদের দালালদের ধরতে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।