চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় আজ মঙ্গলবার রাত আটটার দিকে পুলিশের গাড়িতে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। ওই হামলায় গাড়ির চালক কনস্টেবল জিন্নাত আলী আহত হয়েছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশসহ স্থানীয় একাধিক সূত্র জানায়, চুয়াডাঙ্গা পুলিশ লাইন থেকে খাবার নিয়ে যাওয়ার সময় শহরের কোর্টপাড়া এলাকায় ওই মিনি ট্রাকে হামলা হয়। এতে চালক জিন্নাত আলীর ডান হাত ও পিঠ ঝলসে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম জানান, ককটেলের আঘাতে জিন্নাতের ডান হাত ও পিঠ ঝলসে গেছে। তাঁর শরীর থেকে একটি স্প্লিন্টার বের করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রশীদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।